‘জিল্লুর রহমান ছিলেন অহিংস রাজনীতিক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ছিলেন অহিংস রাজনীতিক। জীবনের শেষ দিন পর্যন্ত এই নেতা মানুষকে ভালোবেসে গেছেন। দলে তিনি ছিলেন বিশ্বাসের প্রতীক।গতকাল শনিবার বিকেলে কিশোরগঞ্জের কুলিয়ারচরে জিল্লুর রহমানের সঞ্চরণসভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এসব কথা বলেন। কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগ স্থানীয় থানার মাঠে এ সভার আয়োজন করে। সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আওয়ামী লীগ একটি বড় দল। দলে নানা সময় দুর্যোগ আর বিশ্বাসহীনতা হানা দিয়েছে। বিশ্বাসের সংকটে কোনো কোনো সময় দল ভাঙার উপক্রম হয়েছে। বিশেষ করে এক-এগারোর সময় দলটিতে চরমভাবে বিশ্বাসের সংকট দেখা দেয়। জিল্লুর রহমান ওই সময় বিশ্বাসের জায়গায় থেকে দলকে নেতৃত্ব দিয়ে আস্থার জায়গায় নিয়ে গিয়েছিলেন।অনুষ্ঠানে অতিথি ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেন, রাজনীতিতে জিল্লুর রহমানের দৃঢ়তা অনেকের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন সভায় সভাপতিত্ব করেন। সঞ্চরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জিল্লুর রহমানের ছেলে ভৈরব-কুলিয়ারচর আসনের সাংসদ নাজমুল হাসান, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ভৈরব উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সায়দুল্লাহ মিয়া, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক মো. আসাদুজ্জামান, বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ এ কে এম নুরুন্নবী, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুর্শিদ উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন প্রমুখ।