জিয়াউর রহমান ক্ষণজন্মা একজন পুরুষ। দেশের প্রতিটি সংকটে তিনি জাতিকে সঠিক দিকনির্দেশনা দিয়েছিলেন। স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি বসে থাকেননি। একই সঙ্গে তিনি স্বাধীনতাযুদ্ধে সরাসরি অংশ নিয়ে দেশকে শত্রুমুক্ত করেছেন।
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন। গতকাল শুক্রবার সকালে দলীয় কার্যালয় নাসিমন ভবনে এই সভা হয়। এরপর আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম কবরে ফাতেহা পাঠ করে ফুল দেন।
এ সময় বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য মাহাবুবুর রহমান, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবুল, নগর যুবদলের সভাপতি কাজী বেলাল প্রমুখ।