'জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে মেতে উঠেছে এই অবৈধ সরকার। যার ফলে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাকে বিশেষ আদালতে পাঠিয়েছে সরকার। বাংলাদেশে আইনের শাসন বলতে কিছুই নেই। যেখানে আইনের শাসন নেই, সেখানে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে কেমনে?’
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম নগর ছাত্রদল খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা বিশেষ আদালতে পাঠানোর প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সেখানে প্রধান অতিথি হিসেবে নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদত হোসেন এসব কথা বলেন।
শাহাদত হোসেন বলেন, ‘এই সরকার শুধু গণতন্ত্রকে অবরুদ্ধ রাখেনি। পুরো দেশকে অবরুদ্ধ করে রেখেছে। এই গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক ভাষায় কথা বলার অধিকার সাধারণ মানুষের নেই। রাজনৈতিক দলগুলো রাজনৈতিক চর্চা বা শান্তিপূর্ণ মিছিল-সভা করলেই সরকারের প্রশাসনের বাধার শিকার হয়।’
চট্টগ্রাম নগর ছাত্রদলের সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তৃতা করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক এস এম সালাউদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, নগর ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি মাঈনুদ্দিন প্রমুখ।