জিয়া পরিবারের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দেবে দেশের জনগণ। বর্তমান সরকার বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জনপ্রিয়তায় ভীত। তাই একের পর এক তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এক-এগারোতে ফখরুদ্দীন-মইনউদ্দিন সরকার খালেদা জিয়াকে গ্রেপ্তার করে বিএনপিকে ভাঙার ব্যর্থ চেষ্টা করেছে।খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন। গতকাল মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশ পরিচালনা করেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন। এরপর বের করা হয় এক শোভাযাত্রা। সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় কমিটির শিশুবিষয়ক সম্পাদক বেগম রোজী কবির, উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রমুখ।সমাবেশের পর আমীর খসরুর নেতৃত্বে এক শোভাযাত্রা নাসিমন ভবন দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে লাভলেইন, চেরাগি পাহাড় ও জামালখান প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।