'জিয়ার আদর্শে উজ্জীবিত হব'
আওয়ামী লীগ সরকার জনমত উপেক্ষা করে গায়ের জোরে ভোট ও প্রার্থীবিহীন প্রহসনের নির্বাচন করেছে। নির্বাচনের পর অলিখিত বাকশাল কায়েম করা হয়েছে। অতীতে তারাই গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েম করেছিল। জাতির এই ক্রান্তিলগ্নে আবারও প্রয়োজন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের। তাঁর আদর্শে উজ্জীবিত হয়ে অবৈধ সরকারকে আন্দোলনের মাধ্যমে পতন ঘটাতে হবে।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি দিলদার হোসেন সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। গতকাল শনিবার সকালে জেলা ও নগর কমিটির যৌথ উদ্যোগে দলের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা হয়।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ ও নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসানের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় নগর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম জালালী, সহসভাপতি তারেক আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল হুদা জায়গীদার, যুুগ্ম সম্পাদক মাহবুবুর রব চৌধুরীসহ প্রমুখ বক্তব্য দেন।