'জীনগতভাবে পরিবর্তিত খাবারে ক্ষতি নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীনগতভাবে পরিবর্তিত (জিএম) ফসলে কোনো ক্ষতিকারক উপাদান নেই বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের টাসকিগি বিশ্ববিদ্যালয়ের আর্টস ও ডিন কলেজের ডিন চান্না এস প্রকাশ। তিনি বলেন, জীন প্রযুক্তিতে উদ্ভাবিত ফসলের জাত বিশ্বের ২৮টি দেশে চাষ হচ্ছে। কিন্তু কোনো দেশের কোথাও ওই ফসল থেকে তৈরি খাবার খেয়ে কারও ক্ষতি হয়েছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
আজ সোমবার রাজধানীর আমেরিকান সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে চান্না এস প্রকাশ এসব কথা বলেন। ঢাকায় মার্কিন দূতাবাসের আমন্ত্রণে তিনি বাংলাদেশ সফরে এসেছেন।
এস প্রকাশ দাবি করেন, জীন প্রযুক্তি বর্তমানে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি। এতে ফসলের খাদ্য গুণ বাড়ে ও কীটনাশকের ব্যবহার কমে।
জিএম খাদ্য উৎপাদনে পরিবেশগত ও স্বাস্থ্য ঝুঁকি থাকায় ভারতে বিটি বেগুন ও অন্যান্য জিএম খাদ্য উৎপাদন বন্ধ করা হয়েছে, অথচ বাংলাদেশে যুক্তরাষ্ট্র সরকারের সহায়তায় বিটি বেগুনের চাষ হচ্ছে—সাংবাদিকদের এমন মন্তব্যের জবাবে প্রকাশ বলেন, ভারতে কংগ্রেসের আমলে রাজনৈতিক কারণে বিটি বেগুন নিষিদ্ধ হয়।
তবে বিজেপি শাসনামলে কেন বিটি বেগুন চাষের অনুমোদন দেওয়া হলো না—তার জবাবে এস প্রকাশ বলেন, ভারতে বিটি বেগুন চাষের অনুমোদন দেওয়ার বিষয়টি রাজনৈতিক বিষয়ে পরিণত হয়েছে। এ ছাড়া সেখানকার বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ইউরোপের বিভিন্ন দেশের অর্থায়নে এর বিরুদ্ধে আন্দোলন করছে। ফলে ভারত সরকার কৌশলগতভাবে বিটি বেগুনের অনুমোদন দেয়নি। এ ক্ষেত্রে কোনো বৈজ্ঞানিক বা কারিগরি সমস্যা নেই বলে তিনি দাবি করেন।
এস প্রকাশ বলেন, বাংলাদেশের কৃষি গবেষণার ক্ষেত্রে জিএম প্রযুক্তির উজ্জ্বল ভবিষ্যৎ আছে। ইতিমধ্যে বাংলাদেশ জিংকযুক্ত চাল, ভিটামিনযুক্ত আলু ও ছিদ্র কারি পোকামুক্ত বিটি বেগুনের জাত উদ্ভাবন করেছে।