‘জীবদ্দশায় পুত্র হত্যার বিচার দেখে যেতে চাই’
‘আমি হূদেরাগী, আমার একটি কিডনি অকেজো হয়ে গেছে। আমি মরে যাব। মৃত্যুর আগে আমার একমাত্র পুত্র হত্যার বিচার দেখে যেতে চাই। আমাকে অজ্ঞাত লোকেরা বাড়ি এসে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। আমার স্বামী নেই। পুলকই ছিল আমার একমাত্র অবলম্বন। আপনারা আমাকে সাহায্য করুন।’ গত শুক্রবার দুপুরে বাড়ির আঙিনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথাগুলো বলেই হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের সন্ধানী আবাসিক এলাকার বাসিন্দা সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত পুলকের মা ঊষা রাণী পাল।কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলনে ঊষা রাণী লিখিত বক্তব্য পড়তে পারেননি। পরে তাঁর পক্ষে বক্তব্য পড়েন প্রতিবেশী দেবব্রত দত্ত।লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, আইনি কার্যক্রম শ্লথগতিতে চলছে। আসামিরা নিম্ন আদালতে জামিন লাভে ব্যর্থ হয়ে উচ্চ আদালতে জামিনের জন্য চেষ্টা করছে। কিছুদিন ধরে অজ্ঞাত লোকেরা বাড়ি এসে মামলা তুলে নেওয়ার জন্য তাকে হুমকি দিচ্ছে। সন্ধ্যার পর কিংবা দুপুরে যখন এলাকার পুরুষেরা কাজকর্মে বাড়ির বাইরে থাকেন, তখনই এসব লোক বাড়ি এসে হুমকি দিয়ে যায়।গত ১৪ এপ্রিল রাতে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের দুই নম্বর পুলের কাছে এলাকার চিহ্নিত কয়েকজন সন্ত্রাসীর ছুরিকাঘাতে শ্রীমঙ্গল সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী পুলক পাল (১৯) নিহত হন।