গ্রামীণ ব্যাংক কমিশনের চূড়ান্ত প্রতিবেদন বাতিলের দাবিতে গতকাল রোববার সারা দিন গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেন। দুপুরে মিরপুরের গ্রামীণ ব্যাংক ভবনের সামনে কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান কর্মসূচিতে অংশ নেন। তাঁরা অঙ্গীকার করেন, জীবন থাকতে ব্যাংক উনিশ টুকরা হতে দেবেন না। সারা দেশের গ্রামীণ ব্যাংকের বিভিন্ন আঞ্চলিক কার্যালয়েও একই ধরনের কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচিতে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি সামশুল আলম। লিখিত বক্তব্যে বলা হয়, ‘আমাদের জীবন থাকতেও এ ব্যাংক সরকারীকরণ বা উনিশ টুকরা হতে দেব না এবং শেয়ারের অংশ বর্তমানে যা আছে, তা পরিবর্তন হতে দেব না।’অর্থমন্ত্রীর উদ্দেশ করে সমিতির সভাপতি বলেন, ‘আপনি যদি সত্যি বাংলাদেশের ভালো চান, দেশের গরিব মানুষের ভালো চান, তাহলে আপনাদের গঠিত গ্রামীণ ব্যাংক কমিশনের চূড়ান্ত প্রতিবেদন বাতিল করুন। আর যদি না করেন, তাহলে গ্রামীণ ব্যাংকের সঙ্গে জড়িত দেশের চার কোটি মানুষ আন্দোলন করবেন। সারা দুনিয়ার মানুষ দেখবে, ইতিহাস হয়ে থাকবে সরকারের এসব তুঘলকি কর্মকাণ্ড।’ সমিতির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যে মানুষটি (ড. মুহাম্মদ ইউনূস) এই ব্যাংক সৃষ্টি করে দেশে ও দেশের মানুষের গর্বের স্থান তৈরি করে দিয়েছেন, তাঁকে দেশবাসী সারা জীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণে রাখবে।