'জীবন পরিবর্তনের' অভিজ্ঞতা চার ছায়া রাষ্ট্রদূতের
এক দিনের জন্য ঢাকায় চার দেশের দূতাবাসের ছায়া রাষ্ট্রদূত হওয়াটা ‘জীবন পরিবর্তনের’ এক অভিজ্ঞতা। ডেনমার্ক, যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও নেদারল্যান্ডসের ছায়া রাষ্ট্রদূত হয়ে বাংলাদেশের চার তরুণী নেতৃত্বের গুণাবলি সম্পর্কে জেনেছেন।
রোববার আমেরিকান ক্লাবে চার রাষ্ট্রদূতের পাশে নিজেদের এ অভিজ্ঞতার কথা জানালেন বাংলাদেশের চার তরুণী।
আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে ঢাকায় ডেনমার্ক দূতাবাস বাংলাদেশের তরুণীদের মধ্যে নেতৃত্ব বিকাশে গত মাসে তালবিয়া তানভীরকে এক দিনের জন্য তাদের ছায়া রাষ্ট্রদূত নির্বাচিত করে। পরে মার্কিন দূতাবাস তাসনিম কিবরিয়া, ব্রাজিল দূতাবাস মেহজাবিন খান এবং নেদারল্যান্ডস দূতাবাস জাইবা তাহিয়াকে তাদের ছায়া রাষ্ট্রদূত নির্বাচিত করে। এদের মধ্যে জাইবা তাহিয়ার কাল সোমবার এই অভিজ্ঞতা হতে যাচ্ছে। এর মধ্যেই অন্য তিনজন এই অভিজ্ঞতা অর্জন করেছেন।
ডেনমার্কের ছায়া রাষ্ট্রদূত তালবিয়া তানভীর বলেন, ‘আমার কাছে এই অভিজ্ঞতা জীবন পরিবর্তনের। এই অভিজ্ঞতা আমাকে আরও জোরালোভাবে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে উদ্বুদ্ধ করবে। সবকিছু ছাপিয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, ওই এক দিনের অভিজ্ঞতায় নেতা হওয়ার প্রক্রিয়া সম্পর্কে জেনেছি।’
সংবাদ সম্মেলনে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, ‘এই উদ্যোগের মধ্য দিয়ে আমরা একটি জোরালো ও ইতিবাচক বার্তা দিতে চাই। ভবিষ্যৎকে উন্নততর করতে আমাদের আরও পদক্ষেপ নিতে হবে।’
ডেনমার্কের রাষ্ট্রদূত আনা ফুগল এসকয়ার বলেন, ‘ছায়া রাষ্ট্রদূত উদ্যোগটি তরুণীদের নিজের ওপর আস্থা রাখতে উদ্বুদ্ধ করবে। সমাজে যেকোনো ইতিবাচক ভূমিকার জন্য আমাদের একে অন্যের হাত ধরা উচিত।’
ব্রাজিলের রাষ্ট্রদূত ভাঞ্জা কাম্পোস ডি নব্রেগা বলেন, নারীর ক্ষমতায়নের শুরু শিক্ষার মাধ্যমে। কাজেই শিক্ষার ওপর জোর দিতে হবে।
নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি কুলেনারা বলেন, ছায়া রাষ্ট্রদূত উদ্যোগটি ভবিষ্যতে বিপুলসংখ্যক নারীকে তাদের স্বপ্ন ও লক্ষ্য অর্জনে অনুপ্রেরণা দেবে।
গত বছরের পয়লা বৈশাখে যৌন নিপীড়নের বিচার না হওয়া এবং কুমিল্লায় কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিষয়ে জানতে চাইলে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি কুলেনারা বলেন, নারীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অবশ্যই বিচার হওয়া উচিত। কোনো দেশেই যৌন নিপীড়ক প্রকাশ্যে ঘুরে বেড়াতে পারে না।
মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, নারীর বিরুদ্ধে যৌন নিপীড়ন বন্ধের জন্য যথাযথ তদন্ত ও স্বচ্ছ বিচারের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তির বিচারের পাশাপাশি এ বিষয়ে সমাজে সচেতনতা সৃষ্টি জরুরি।