'জীবন পাল্টে দিচ্ছে ইন্টারনেট'

‘ইন্টারনেট আমাদের জীবন পাল্টে দিচ্ছে প্রতিনিয়ত। তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেটের শক্তি আমাদের স্বপ্নের কাছে নিয়ে যেতে পারে। আমাদের কাজ হচ্ছে এই শক্তিকে সঠিকভাবে ব্যবহার করা।’ গতকাল বৃহস্পতিবার রাজশাহীতে আই-জেন আঞ্চলিক প্রতিযোগিতা এবং আবাসিক ক্যাম্পে শিক্ষার্থীদের উদ্দেশে এ কথা বলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব শেঠি।
রাজশাহীতে অংশ নিয়েছে নয়টি জেলার ৪৫ জন শিক্ষার্থী। জেলাগুলো হচ্ছে—রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, নাটোর, মেহেরপুর, পাবনা ও কুষ্টিয়া। প্রতি জেলা থেকে প্রতিনিধিত্ব করছে আই-জেনে সেরা স্কুল দল। স্কুলগুলো হচ্ছে—গভ. ল্যাবরেটরি হাইস্কুল, হরি মোহন সরকারি উচ্চবিদ্যালয়, নওগাঁ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, জয়পুরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বগুড়া ক্যান্ট. পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, নাটোর সরকারি উচ্চবিদ্যালয়, সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ, পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। রাজশাহী অঞ্চলের আবাসিক ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে রাজশাহীর ব্র্যাক লার্নিং সেন্টারে। তিন দিনের এই ক্যাম্পে শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে কর্মশালায় অংশ নেবে। কর্মশালার প্রথম দিনে কম্পিউটার প্রোগ্রামিং এবং উইকিপিডিয়া ও গুগল ট্রান্সলেটে অবদানের মতো বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। শিক্ষার্থীরা নিজ জেলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে। তারা সবাই মিলে দলগত কাজ করে বিভিন্ন সমস্যার সমাধান করে। এর মাধ্যমে তাদের নেতৃত্ব বিকাশের ধারণা দেওয়া হয়।
ক্যাম্পে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রাজীব শেঠি ও প্রথম আলোর প্রধান ব্যবসায়িক কর্মকর্তা তানভীর আহমাদ। ইন্টারনেট কীভাবে আপনার জীবন বদলে দিয়েছে, আমরা কীভাবে স্বপ্ন দেখব, বাংলাদেশের সম্ভাবনা ইত্যাদি বিষয়ে তাঁদের কাছে নানা প্রশ্ন ছিল শিক্ষার্থীদের। বিকেলে আসেন আলোর ফেরিওয়ালাখ্যাত পলান সরকার। তাঁকে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত হয় ওঠে। পলান সরকারকে নিয়ে তারা সেলফি তোলে। প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ শিক্ষার্থীদের কাছে পলান সরকারকে খুঁজে পাওয়ার গল্প শোনান।
আজ শুক্রবার শিক্ষার্থীদের ওয়েবসাইট তৈরি শেখানো হবে। ক্যাম্পের অভিজ্ঞতা নিয়ে তারা নিজেদের বিদ্যালয়ের একটি ওয়েবসাইট তৈরি করবে। এ ছাড়া উপস্থাপন ও সুন্দর বাচনভঙ্গি বিষয়ে শেখানো হবে। গতকালের আই ক্যাম্পে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান। আই-জেন ক্যাম্পে কর্মশালা পরিচালনা করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কাজী হাসান রবিন, বিডিওএসএনের সদস্য আল রাব্বি ও শরিফ আহমেদ, জিডিজি বাংলার ক্যাম্পাস অ্যাম্বাসেডর তিতাস আহমেদ, প্রথম আলোর উপমহাব্যবস্থাপক (ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন) অরূপ কুমার ঘোষ, প্রথম আলোর ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশনের সহকারী ব্যবস্থাপক জাবেদ সুলতান। গ্রামীণফোন ও প্রথম আলোর উদ্যোগে আই-জেন ২০১৫ আয়োজনে সহযোগিতা করছে শিক্ষা মন্ত্রণালয়। সহযোগী হিসেবে আরও আছে অ্যালপেনলিবে, মাইক্রোসফট, অপেরা মিনি, এখানেই ডট কম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, উরি ব্যাংক, রেডিও ফুর্তি ও চ্যানেল আই।
এদিকে সিলেট অঞ্চলের আই-জেন প্রতিযোগিতা এবং আবাসিক ক্যাম্পও গতকাল থেকে শুরু হয়েছে। এতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও নরসিংদী জেলার প্রতিনিধিত্বকারী সাতটি স্কুলের ৩৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।

শহরতলির খাদিমনগরে ব্র্যাক লার্নিং সেন্টারে সকাল ১০টায় ক্যাম্প শুরু হয়। ক্যাম্পের প্রথম দিনে গতকাল শিক্ষার্থীদের নিয়ে তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রথম আলোর যুব কর্মসূচির সমন্বয়ক মুনির হাসান, প্রথম আলোর ব্র্যান্ড অ্যান্ড অ্যাকটিভেশন বিভাগের কর্মকর্তা বিবর্ধন রায় প্রমুখ। সিলেট অঞ্চলের সেরা দলগুলোর মধ্যে আছে ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ, সরকারি এসসি বালিকা উচ্চবিদ্যালয়, দ্য ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাইস্কুল, হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়, অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়, অ্যাথনিকা অ্যান ইংলিশ ভার্সন স্কুল ও জনতা আদর্শ উচ্চবিদ্যালয়। প্রতি দলে রয়েছে জেলার প্রতিনিধিত্বকারী সেরা স্কুল দলের পাঁচজন প্রতিযোগী।