শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরীক্ষার মধ্যে দিয়ে অলিম্পিয়াডের চট্টগ্রাম অঞ্চলের পর্ব গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এ পর্বে জয়ী হয়ে ১৩ শিক্ষার্থী জাতীয় পর্বে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। বাংলাদেশ রসায়ন সমিতির কেন্দ্রীয় কমিটি ও চট্টগ্রাম আঞ্চলিক কমিটির যৌথ তত্ত্বাবধানে এ অলিম্পিয়াডের আয়োজন করা হয়। এবারের স্লোগান ছিল ‘জীবন বাঁচাতে ও সাজাতে রসায়ন’।
গতকাল সকাল সোয়া নয়টায় চট্টগ্রাম কলেজের প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও সপ্তম রসায়ন অলিম্পিয়াডের চট্টগ্রাম অঞ্চলের আয়োজক কমিটির আহ্বায়ক মনির উদ্দিন, চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ প্রদীপ কুমার চক্রবর্তী ও সাবেক অধ্যক্ষ এয়াকুব আলী।
উদ্বোধন অনুষ্ঠান ও শোভাযাত্রা শেষে চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মহসিন কলেজে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়। বিকেলে চট্টগ্রাম কলেজের মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হাজী মুহাম্মদ মহসিন কলেজের রসায়ন বিভাগের শিক্ষক ইদ্রিস আলী বলেন, বৃহত্তর চট্টগ্রামের পাঁচ জেলার ১২০টি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়েছে ১৩ শিক্ষার্থী। ১৭ ফেব্রুয়ারি ঢাকায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। এবার যৌথভাবে সেরা হয়েছে চট্টগ্রামের বিএন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র মো. সাইফুল ইসলাম ও ক্যামব্রিয়ান কলেজের একাদশ শ্রেণির ছাত্র তাকসির আহমেদ।