'জীবনকে অন্তরঙ্গভাবে অনুভব করেছেন মিলন'
প্রায় ২৬০টি বই লিখেছেন তিনি। তাঁর লেখা টিভি নাটকের সংখ্যা প্রায় ২৫০। তিনি অনেকগুলো জনপ্রিয় উপন্যাসের স্রষ্টা। নূরজাহান উপন্যাসটি তাঁর লেখা—শুধু এটা বললেও ঔপন্যাসিকের নাম বলার আর প্রয়োজন পড়ে না হয়তো।
সেই ‘তিনি’ জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন জীবনের ৬০ বছর পূর্ণ করে ফেলেছেন। গতকাল বাংলা একাডেমিতে বিকেলের আয়োজনের উপলক্ষ ছিল এটাই। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের নেতৃত্বে ‘ইমদাদুল হক মিলন হীরক জয়ন্তী উদ্যাপন পর্ষদ’ আয়োজন করল মিলনের জন্মোৎসব। এ সময় আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে সাহিত্য-সাংবাদিকতা জগতের এ মানুষটিকে অভিনন্দন জানাতে সংস্কৃতি অঙ্গনের অনেকেই ছিলেন।
‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর’, ‘এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার’ গানগুলো দিয়েই শুরু হলো অনুষ্ঠান।
উপস্থাপক এসে জানালেন, বিক্রমপুরে ১৯৫৫-এর ৮ সেপ্টেম্বরে জন্ম মিলনের। তিনি সেলিনা হোসেনকে বললেন, অতিথিদের নিয়ে মঞ্চে আসন গ্রহণ করতে। সবার নাম বললেন, কিন্তু মিলনের নাম বলতেই ভুলে গেলেন! এক চোট হেসে নিলেন দর্শক। মঞ্চে ছিলেন অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম, রশীদ হায়দার, কবি আসাদ চৌধুরী, মুহম্মদ নুরুল হুদা এবং কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত। অনুষ্ঠানের সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
তাঁরা সবাই মিলনকে শুভেচ্ছা জানালেন। দর্শক সারি থেকে মঞ্চে এসে অভিবাদন জানালেন শিল্পী হাশেম খান ও রাজনীতিক হায়দার আকবর খান রনো। এরপর একে একে বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠান ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অধ্যাপক আনিসুজ্জামান শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘মিলন জীবনকে অন্তরঙ্গভাবে অনুভব করেছেন। জীবনের উত্থান-পতন ও পাঠকের মনোজগতের বিষয় তিনি তাঁর লেখায় তুলে ধরতে পেরেছেন বলেই তিনি জনপ্রিয়।’