সাংবাদিক সিদ্দিক আহমেদের বই প্রভৃতি–এর প্রকাশনা অনুষ্ঠান
'জীবনকে গভীরভাবে উপলব্ধি করেছেন তিনি'
প্রবীণ সাংবাদিক সিদ্দিক আহমেদ জীবনকে গভীরভাবে উপলব্ধি করেছেন। তিনি জীবনের গভীরে ঢুকে তা লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন। যা লেখার তা সরাসরিই লেখেন। কোনো অলংকার ব্যবহার করেন না।
গতকাল শুক্রবার চট্টগ্রাম নগরের জামালখানের চিটাগং সিনিয়র্স ক্লাব মিলনায়তনে সাংবাদিক সিদ্দিক আহমেদের বই প্রভৃতি–এর প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বইটিতে লেখকের বিভিন্ন সময়ে লেখা ৩৫টি প্রবন্ধ স্থান পেয়েছে। লেখক সিদ্দিক আহমেদ দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত। অনুষ্ঠানে বক্তারা তাঁর আরোগ্য কামনা করেন।
প্রকাশনা অনুষ্ঠানের প্রধান অতিথি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন বলেন, সিদ্দিক আহমেদ যথার্থ অর্থেই কবি। জীবন কী তা তিনি জানেন। তিনি হৃদয় দিয়ে লেখেন। যেখানে সহজভাবে লেখা দরকার সেখানে সেভাবেই লেখেন।
প্রভৃতি বইয়ের লেখক সিদ্দিক আহমেদ বলেন, ‘সবার ভালোবাসা নতমস্তকে গ্রহণ করলাম। আমি একা নই। সবাইকে নিয়েই আমার জীবন। কথা ছাড়া জীবন হয়নি। এ বইয়ে নিজের সঙ্গে, সমাজের সঙ্গে, রাষ্ট্রের সঙ্গে কথা বলেছি।’
কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্তের সঞ্চালনায় প্রকাশনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কথাসাহিত্যিক হরিশংকর জলদাস, শিক্ষাবিদ ফেরদৌস আরা আলীম ও আনোয়ারা আলম, চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মুজিব রাহমান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী। প্রকাশনা অনুষ্ঠানে গান শোনান শিল্পী শাহরিয়ার খালেদ।