'জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুয়াকাটা সমুদ্রসৈকতে মাদকাসক্ত জীবন থেকে ফিরে আসা মানুষ গতকাল মানববন্ধন করেন l প্রথম আলো
কুয়াকাটা সমুদ্রসৈকতে মাদকাসক্ত জীবন থেকে ফিরে আসা মানুষ গতকাল মানববন্ধন করেন l প্রথম আলো

‘মাদক মুক্তির জয়গানে, এসো মিলি হৃদয়ের বন্ধনে’ স্লোগান নিয়ে সমুদ্রসৈকত কুয়াকাটায় মাদক থেকে নিরাময় হওয়া ব্যক্তিদের দুই দিনব্যাপী ‘রিকভারি সম্মেলন’ গতকাল শনিবার শেষ হয়েছে। মাদকনির্ভরশীল রোগীদের সেবায় নিয়োজিত পুনর্বাসন নেটওয়ার্ক সংস্থা ‘সংযোগ’ পঞ্চমবারের মতো ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানের আয়োজন করে।
এই আয়োজনকে সার্বিক সহায়তা দিয়েছে বরিশালের মাদক নিরাময় কেন্দ্র ‘হলিকেয়ার’। আয়োজকদের সূত্রে জানা গেছে, এবারের এ সম্মেলনে দেশের আটটি বিভাগ থেকে মাদক থেকে নিরাময় হওয়া ৩০০ ব্যক্তি যোগ দেন।
সম্মেলনের দ্বিতীয় দিন গতকাল বেলা সাড়ে ১১টায় কুয়াকাটা সমুদ্রসৈকতের বালুচরে বঙ্গোপসাগরের বিশাল জলরাশির ধারে মানববন্ধনে দাঁড়িয়ে কালো টি-শার্ট পরা এই যুবকেরা হাতে হাত রেখে সবাইকে জানিয়ে দেন মাদকের ভয়াবহতার কথা। এ সময় তাঁরা জাতীয় পতাকা হাতে নিয়ে দীপ্তকণ্ঠে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, ‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন।’
মানববন্ধনে কুয়াকাটায় আগত পর্যটকেরাসহ নানান শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করেন। পরে স্থানীয় একটি হোটেলে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন রিকভারি সম্মেলন উদ্যাপন কমিটির আহ্বায়ক এবং হলিকেয়ার মাদকাসক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের যুবশক্তিকে ধ্বংস করে দিচ্ছে মাদক। মাদকের ছোবল থেকে আজ যাঁরা সুস্থ জীবনে ফিরে এসেছেন, তাঁরা প্রতিনিয়ত নিজেদের মধ্যে অশুভ শক্তির সঙ্গে যুদ্ধ করছেন। তাঁরা সেই যুদ্ধে জয়ী হয়ে এখনো মাদক থেকে নিজেকে দূরে রেখেছেন। এসব মানুষকে উৎসাহিত করতেই এমন আয়োজন।