'জীবনে গতিটাই আসল কথা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়েশা আরেফিন
আয়েশা আরেফিন

আয়েশা আরেফিন। ডাক নাম টুম্পা। মানবদেহের জন্য কৃত্রিম ফুসফুস তৈরির গবেষণায় অনেক দূর এগিয়ে গেছেন। আয়েশার এই গবেষণার খবর ছড়িয়ে পড়েছে দেশে ও দেশের বাইরে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ে সাবেক এই শিক্ষার্থী চট্টগ্রামেরই মেয়ে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রপ্রবাসী আয়েশার সঙ্গে ফোনে কথা হয়। তাঁর গবেষণা, পড়াশোনা, সামাজিক কাজে সম্পৃক্ততা, পরিবার ও ভালোলাগার নানা প্রসঙ্গে আলাপ হয়।
আয়েশা জানান, তিনি ২০১১ সালে পাড়ি দেন যুক্তরাষ্ট্রে উচ্চতর পড়াশোনার জন্য। সেখানকার লস অ্যালামস ন্যাশনাল ল্যাবরেটরিতে পিএইচডি করছেন। তাঁর গবেষণার বিষয় মানবদেহের কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গ তৈরি।
যেভাবে গেলেন যুক্তরাষ্ট্রে: ২০০৫-০৬ শিক্ষাবর্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিন প্রকৌশল এবং জীব প্রযুক্তি বিভাগে পড়াশোনা শুরু করেন আয়েশা। এখান থেকেই স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। ২০১০ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যালামস ন্যাশনাল ল্যাবরেটরির গবেষক ক্রিস ডেটার শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আসেন। মেধাবী আয়েশাকে তিনিই লস অ্যালামসে গবেষণার সুযোগ করে দেন। ২০১১ সালে আয়েশা পোস্ট ব্যাচেলর শিক্ষার্থী হিসেবে সেখানে ইন্টার্নশিপের সুযোগ পান।
এক বছরের ইন্টার্নশিপ শেষ করে আয়েশা যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ মেক্সিকোতে ন্যানোসায়েন্স ও ম্যাক্রোসিস্টেমসে পিএইচডি করছেন। পাশাপাশি লস অ্যালামস ন্যাশনাল ল্যাবরেটরিতে গবেষণা চালিয়ে যাচ্ছেন। ল্যাবের ভারতীয় গবেষক রাশি আইয়ার আয়েশাকে অপটোজেনিকস-সংক্রান্ত গবেষণা কাজের জন্য নিয়োগ দেন। অপটোজেনিকস হচ্ছে জিন-বিদ্যা ও প্রোটিন প্রকৌশলের (ইঞ্জিনিয়ারিং) মাধ্যমে জীবন্ত টিস্যুর মাঝে ঘটতে থাকা বিভিন্ন স্নায়বিক কাজ নিয়ন্ত্রণ করা। এই প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ ও কৃত্রিম টিস্যু বা কলা তৈরি করা সম্ভব।
যেভাবে বিষয়টি জানা হলো: এ বছরের জানুয়ারি মাসে আয়েশার গবেষণার বিষয়টি প্রথম প্রকাশ পায়। লস অ্যালামস ন্যাশনাল ল্যাবরেটরি প্রতিবছর বছাই করা কিছু শিক্ষর্থীর সাক্ষাৎকার ছাপা হয়। একই সময়ে আয়েশা তাঁর কাজের বিবরণ তুলে ধরে একটি পোস্টার প্রেজেন্টেশন করেন। আর এসব কিছু তখন চলে আসে ওয়েবসাইটে। এভাবে চারদিকে ছড়িয়ে পড়ে আয়েশার খ্যাতি।
গবেষণাগারের কাজ: কাগজপত্রে আয়েশার গবেষণাগারে কাজের সময় প্রতিদিন ২০ ঘণ্টা। কিন্তু এ নিয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে তেমন বাধ্যবাধকতা নেই। আয়েশার ভাষায়, ‘গবেষণাগারে কাজের ক্ষেত্রটি আমার জন্য ফ্ল্যাক্সিবল বলা যায়। দেখা যায়, আমি ছুটির দিনেও কাজ করছি। কখনো ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। আবার কখনো একনাগাড়ে সারা দিন সারা রাত কাজ করি। আমার সহকর্মীরা তখন আমার জন্য রান্না করে নিয়ে আসেন।’ ইতিমধ্যেই ৪০ ভাগ শেষ হয়েছে বলে জানিয়েছেন আয়েশা। সামনের বছরেই তাঁর গবেষণার পুরোপুরি সুফল পাওয়া যাবে।
সামাজিক কাজ: আয়েশা শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে ‘স্বপ্নস্থান’ নামের একটি সংস্থার সঙ্গে জড়িত ছিলেন। কম বয়সী কিছু যৌনকর্মীকে কাউন্সিলিং করাতেন তিনি। স্বেচ্ছাসেবী হিসেবে যুক্তরাষ্ট্রে সান্টা ফে এলাকার ক্যাম্প কোরাজনে তিনি এইডস আক্রান্ত বিভিন্ন পরিবার ও শিশুদের পরিচর্যা করেন।
বিশ্ববিদ্যালয়ের দিনগুলো: শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সখ্য ছিল জনপ্রিয় শিক্ষক ও লেখক মুহাম্মদ জাফর ইকবাল ও তাঁর পরিবারের সঙ্গে। আয়েশা বলছিলেন, ‘চালের খালি বস্তা নিয়ে চলে যেতাম জাফর স্যারের বাসায়। তিনি বইয়ের আলমিরা খুলে দিতেন আর আমি সেই বস্তায় বই ভর্তি করে নিয়ে চলে আসতাম। ইউনিভার্সিটির সবই মিস করি এখন। টং, টঙের চা....।’
পরিবার পরিজন: আমাদের বাসা চট্টগ্রামের ঈদগাহের বউবাজারে। বাসায় আব্বু-আম্মু থাকেন। আব্বুর বয়স হয়েছে, অবসর জীবন কাটাচ্ছেন। আর আম্মু গৃহিণী। আপু (মর্জিনা আখতার) মহসিন কলেজের টিচার। আমার বড় ভাইয়া অস্ট্রেলিয়া থাকেন। ওখানকার রেলওয়েতে চাকরি করেন।