'জীবনে যা মিষ্টি ভাবো, তাই করো'
‘জীবনে যা মিষ্টি ভাবো, তাই করো’—শিক্ষার্থীদের এমন উপদেশ দিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
শিল্পকলা একাডেমিতে আজ শুক্রবার বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের একাদশ শ্রেণির বই পড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন।
অধ্যাপক আবু সায়ীদ বলেন, ‘যে জিনিসে কষ্ট হয়, সে জিনিস চলবে না। যে জিনিসে আনন্দ সেই জিনিস মানুষ নিজের থেকেই করে। মানুষ ভ্যারেন্ডাগাছের ডাল খেতে পারে না, কিন্তু আখগাছ টাকা দিয়ে কিনে খায়। কারণ, আখে রস আছে, স্বাদে মিষ্টি। তাই জীবনে যা মিষ্টি ভাবো, তাই করো।’
আজকের অনুষ্ঠানে ঢাকা মহানগরের সেরা ১১টি কলেজ ও কেন্দ্রভিত্তিক বইপড়া কর্মসূচির মোট ৫৩৭ জন ছাত্রছাত্রীকে বই উপহার দিয়ে পুরস্কৃত করা হয়। ২০১৪ সালে শুরু হওয়া এ বইপড়া কর্মসূচিতে মোট ১৭১৯ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। ১৮ সপ্তাহের মধ্যে তাদের বিভিন্ন বিষয়ের ওপর ১২টি বই পড়তে হয়েছে। এরপর ছোট্ট একটি সরস পরীক্ষার মাধ্যমে বইপাঠ মূল্যায়ন করে বিজয়ীদের নির্বাচন করা হয়।
অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার বলেন, ‘আলোকিত মানুষেরা হলেন ভালো মানুষ। তাঁরা যে কাজ-ই করেন, ভালোভাবে করেন। বই পড়া এই আলোকিত মানুষেরাই এ দেশকে এগিয়ে নিয়ে যাবেন।’
অনুষ্ঠানে শিক্ষার্থীদের চারটি শ্রেণিতে পুরস্কৃত করা হয়। মোট ১২টি বইয়ের মধ্যে ছয়টি বই পড়া শিক্ষার্থীরা পেয়েছে ‘স্বাগত পুরস্কার’। আটটি বই পড়া শিক্ষার্থীরা পেয়েছে ‘শুভেচ্ছা পুরস্কার’, ১০টি বই পড়া শিক্ষার্থীরা পেয়েছে ‘অভিনন্দন পুরস্কার’ এবং ১২টি বই পড়া শিক্ষার্থীরা পেয়েছে ‘সেরা পাঠক পুরস্কার’।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রথম আলোর উপসম্পাদক ও সাহিত্যিক আনিসুল হক বলেন, ‘বিশ্ব সাহিত্য কেন্দ্র বই পড়ার ব্যবস্থা করে দিয়েছে। বই পড়েই জ্ঞানে আলোকিত মানুষ হওয়া যায়। জীবনে মানুষ হতে চাইলে, সবচেয়ে ভালো মানুষ, ডাক্তার হলে, সবচেয়ে ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার হলে সবচেয়ে ভালো ইঞ্জিনিয়ার। মোট কথা, জীবনে যাই হও, সবচেয়ে ভালোটি হতে চেষ্টা করবে।’
বিশ্ব সাহিত্য কেন্দ্রের পরিচালক আমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, দেশটাকে নতুন করে গড়তে হলে, তরুণদের দরকার। তরুণ বয়সেই বই পড়তে হবে। বই পড়ে নিজেকে জানতে হবে, দেশকে জানতে হবে।
আজকের অনুষ্ঠানে ২৬৭ জন শিক্ষার্থী স্বাগত পুরস্কার, ১৪৯ জন শুভেচ্ছা পুরস্কার, ৯৪ জন শিক্ষার্থী অভিনন্দন পুরস্কার ও ২৭ জন শিক্ষার্থী সেরা পাঠক পুরস্কার পেয়েছে।
অনুষ্ঠানে অভিনন্দন পুরস্কার পাওয়া শহীদ বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষার্থী সফিউল আলম বলেন, ‘পুরস্কার পেয়ে ভালো লাগছে। ওই বই গুলো পড়ে অনেক অজানা কিছু জেনেছি। অনেক হাসির বিষয় ছিল বইগুলোতে। আগে বই পড়তাম না। এখন থেকে নিয়মিত বই পড়ব।’