'জীবনে যা মিষ্টি ভাবো, তা-ই করো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচিতে পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। গতকাল শিল্পকলা একাডেমীর চিত্রশালা প্লাজায় ৫৩৭ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেওয়া হয়। ২০১৪ সালে শুরু হওয়া ওই কর্মসূচিতে অংশ নেয় ১ হাজার ৭১৯ জন শিক্ষার্থী l ছবি: প্রথম আলো
বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচিতে পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। গতকাল শিল্পকলা একাডেমীর চিত্রশালা প্লাজায় ৫৩৭ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেওয়া হয়। ২০১৪ সালে শুরু হওয়া ওই কর্মসূচিতে অংশ নেয় ১ হাজার ৭১৯ জন শিক্ষার্থী l ছবি: প্রথম আলো

‘জীবনে যা মিষ্টি ভাবো, তা-ই করো’—শিক্ষার্থীদের জন্য এমন উপদেশ দিয়েছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। গতকাল শুক্রবার শিল্পকলা একাডেমীতে বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের একাদশ শ্রেণির বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক আবু সায়ীদ বলেন, ‘যে জিনিসে কষ্ট হয়, সে জিনিস চলবে না। যেই জিনিসে আনন্দ, সেই জিনিস মানুষ নিজের থেকেই করে। মানুষ ভ্যারেন্ডাগাছের ডাল খেতে পারে না, কিন্তু আখগাছ টাকা দিয়ে কিনে খায়। কারণ, আখে রস আছে, স্বাদে মিষ্টি। তাই জীবনে যা মিষ্টি ভাবো, তোমার কাছে মিষ্টি, তা-ই করো।’
অনুষ্ঠানে ঢাকা মহানগরের সেরা ১১টি কলেজ ও কেন্দ্রভিত্তিক বইপড়া কর্মসূচির মোট ৫৩৭ জন ছাত্রছাত্রীকে বই উপহার দিয়ে পুরস্কৃত করা হয়। ২০১৪ সালে শুরু হওয়া ওই বইপড়া কর্মসূচিতে ১ হাজার ৭১৯ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। তাদের বিভিন্ন বিষয়ের ওপর ১২টি বই ১৮ সপ্তাহের মধ্যে পড়তে হয়েছে। এরপর ছোট সরস পরীক্ষার মাধ্যমে বইপাঠ মূল্যায়ন করে বিজয়ীদের নির্বাচন করা হয়েছে।
অনুষ্ঠানে টেলিভিশন ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার বলেন, আলোকিত মানুষেরা হলেন ভালো মানুষ। আলোকিত মানুষেরা যে কাজই করেন, ভালোভাবে করেন। বই পড়া এই আলোকিত মানুষেরাই এ দেশ এগিয়ে নিয়ে যাবেন।
শিক্ষার্থীদের চারটি শ্রেণিতে পুরস্কৃত করা হয়। মোট ১২টি বইয়ের মধ্যে ছয়টি বই পড়া ২৬৭ জন শিক্ষার্থী পেয়েছে ‘স্বাগত পুরস্কার’, আটটি বই পড়া ১৪৯ জন শিক্ষার্থী পেয়েছে ‘শুভেচ্ছা পুরস্কার’, ১০টি বই পড়া ৯৪ জন পেয়েছে ‘অভিনন্দন পুরস্কার’ এবং ১২টি বই পড়া ২৭ জন শিক্ষার্থীরা পেয়েছে ‘সেরা পাঠক পুরস্কার’।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক বলেন, বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার ব্যবস্থা করে দিয়েছে। বই পড়েই জ্ঞানে আলোকিত মানুষ হওয়া যায়। তিনি বলেন, ‘জীবনে মানুষ হতে চাইলে, সবচেয়ে ভালো মানুষ; ডাক্তার হলে, সবচেয়ে ভালো ডাক্তার; ইঞ্জিনিয়ার হলে সবচেয়ে ভালো ইঞ্জিনিয়ার। মোট কথা, জীবনে যা-ই হও, সবচেয়ে ভালোটি হতে চেষ্টা করবে।’