'জীবনের জয়গান' শুরু চট্টগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেইলি স্টার ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের উদ্যোগে চট্টগ্রাম নগরে শুরু হয়েছে তিন দিনব্যাপী উৎসব ‘সেলিব্রেটিং লাইফ’ (জীবনের জয়গান)। গতকাল বৃহস্পতিবার নগরের পৃথক দুটি মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোকচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়।
গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সাংস্কৃতিক আয়োজনে গান শোনান রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। পরে ব্যান্ড সংগীত পরিবেশন করে তীরন্দাজ। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী। তিনি এ ধরনের অনুষ্ঠান আয়োজন করায় ডেইলি স্টার ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককে ধন্যবাদ জানান।
এর আগে গতকাল সন্ধ্যা ছয়টায় সার্সন রোডের হাটখোলা গ্যালারিতে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আবরার এ আনোয়ার। হাটখোলার সমন্বয়ক ইউসুফ মুহম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ডেইলি স্টার-এর শোবিজ সম্পাদক রাফি হোসেন, আলোকচিত্রী ফয়সল আজিম।
আয়োজকেরা জানান, ডেইলি স্টার ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আট বছর ধরে ‘সেলিব্রেটিং লাইফ’ শিরোনামে আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এই প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত ও বাছাই করা ছবি নিয়ে চট্টগ্রামে এবার প্রদর্শনী করা হচ্ছে। প্রদর্শনীতে মোট ২২টি আলোকচিত্র স্থান পেয়েছে। আজ শুক্র ও কাল শনিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।