‘জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধাপরাধের বিচার শুরু করেছেন প্রধানমন্ত্রী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ক্রান্তিলগ্ন চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধাপরাধের বিচারকাজ শুরু করেছেন। আগামী নির্বাচনে নির্ধারিত হবে—বাংলাদেশ সমৃদ্ধের পথে থাকবে, নাকি পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন হওয়ার পথে এগিয়ে যাবে।গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম নগরের মুসলিম ইনস্টিটিউটে অনুষ্ঠিত শোকসভায় এসব কথা বলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্মরণে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগ এই শোকসভার আয়োজন করে।প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন, ১৯৭১ সালে যে গোষ্ঠী হত্যা, লুণ্ঠন ও ধর্ষণের সঙ্গে সম্পৃক্ত ছিল, তারাই বিচার বানচালের ষড়যন্ত্র করছে।যুদ্ধাপরাধের বিচারকাজ পরিচালনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে আমির হোসেন বলেন, ‘বঙ্গবন্ধু রাজাকারদের বিচার শুরু করেছিলেন। তখন ৫৩ জনের বিচার হয়েছিল। জিয়াউর রহমান দালাল আইন বাতিল করে রাজাকারদের মুক্তির ব্যবস্থা করেন। এরপর ২১ বছরে রাজাকাররা ফুলেফেঁপে উঠেছে। এখন তাদের আত্মপ্রকাশের ধরনে তা বোঝা যাচ্ছে। আজকের বাংলাদেশে রাজাকাররা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ক্ষমতা নিয়ে চ্যালেঞ্জ জানানোর অবস্থায় এগিয়ে আসতে চায়।’আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমির হোসেন বলেন, ‘জামায়াত-শিবির যতই পুলিশ ও জনগণের ওপর অতর্কিত হামলা করুক, দেশের কোটি মানুষের সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই। মানুষ বিশ্বাস করে, যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়েই দেশ কলঙ্কমুক্ত হতে পারে।’শোকসভায় বক্তারা বলেন, আখতারুজ্জামান চৌধুরী ছিলেন দেশের ও আওয়ামী লীগের দুঃসময়ের পথপ্রদর্শক। তিনি সত্তরের নির্বাচন, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং পঁচাত্তর-পরবর্তী আওয়ামী লীগকে সুসংগঠিত করতে কাজ করেছিলেন।যুবলীগের নেতা আ ম ম টিপু সুলতানের সভাপতিত্বে শোকসভায় প্রধান বক্তা ছিলেন যুবলীগের কেন্দ্রীয় নেতা আলতাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন আহমদ।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেনন যুবলীগের নেতা সৈয়দ মাহমুদুল হক, আতাউর রহমান ও আমীর হোসেন গাজী, যুবলীগ নগর কমিটির সভাপতি চন্দন ধর, সাধারণ সম্পাদক মশিউর রহমান ও দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী।