‘জীবনের টানে প্রাণের সন্ধানে’ গাজীপুরে জীববিজ্ঞান উৎসব
‘জীবনের টানে প্রাণের সন্ধানে’ স্লোগান নিয়ে গতকাল শুক্রবার গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় আঞ্চলিক জীববিজ্ঞান উৎসব।বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উচ্চবিদ্যালয়ে এই উৎসবের আয়োজন করা হয়। জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসব শুরু হয়।গাজীপুর ও আশপাশের জেলার ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী এ উৎসবে অংশ নেয়। বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটির উদ্যোগে এবং গাজীপুর গণিত ও বিজ্ঞান ক্লাবের সার্বিক সহযোগিতায় এ উৎসবের আয়োজন করা হয়।বিদ্যালয়ের শিক্ষার্থীরা তিনটি বিভাগে প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার পর জীববিজ্ঞান উৎসব সংগীতের মধ্য দিয়ে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। এই পর্বে শিক্ষার্থীদের জীববিজ্ঞানবিষয়ক অসংখ্য প্রশ্নের উত্তর দেন উপস্থিত শিক্ষক ও বিজ্ঞানীরা। পরে কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে পুরস্কার বিতরণ ও অলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাখহরি সরকার। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. রফিকুল ইসলাম মণ্ডল। সব শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় উৎসব।বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটির কেন্দ্রীয় সমন্বয়কারী সৌমিত্র চক্রবর্তী বলেন, বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটি আঞ্চলিক পর্যায়ে এ ধরনের আরও অনেকগুলো উৎসবের মধ্য দিয়ে পর্যায়ক্রমে কেন্দ্রীয় উৎসবের প্রতিযোগীদের নির্বাচন করবে। আঞ্চলিক পর্যায়ের পর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা হবে। জাতীয় প্রতিযোগিতার বিজয়ীদের মধ্য থেকেই আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডের জন্য প্রতিযোগী নির্বাচন করা হবে।