‘জীবনের সব আশাই কেড়ে নিয়েছে মাদক’
‘দুই সন্তান, স্ত্রী ও মা-বাবা নিয়ে সুখের সংসার ছিল আমার। কিন্তু মাদক আমার জীবনের সবকিছুই কেড়ে নিয়েছে। আমি এখন পরিবার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। আমি স্বাভাবিক জীবনে ফিরতে চাই।’গত রোববার পুলিশি হেফাজতে সাংবাদিকদের কাছে কথাগুলো বলছিলেন মামুনুর রশিদ। তিনি দিনাজপুরের হাকিমপুর পৌর এলাকার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের জাকির হোসেনের ছেলে। হেরোইন সেবনের অভিযোগে রোববার সকালে তাঁর পরিবারের সদস্যরা তাঁকে পুলিশে সোপর্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।মামুনুর রশিদ ও তাঁর পরিবারের সদস্যরা জানায়, পাঁচ-ছয় বছর আগে গ্রামের কয়েকজন মাদকসেবীর সঙ্গে মামুনের সখ্য গড়ে ওঠে। ধীরে ধীরে তিনি হেরোইনে আসক্ত হয়ে পড়েন। মামুনের বাবা জাকির হোসেন জানান, একপর্যায়ে মামুন নেশার টাকা জোগাড় করতে বাড়িঘরের টিনসহ বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতে থাকে। একবার বসতভিটাও বিক্রির চেষ্টা চালান তিনি। অত্যাচারে অতিষ্ঠ হয়ে মামুনের স্ত্রী তিন বছর আগে তাঁকে ছেড়ে চলে যান বাবার বাড়িতে। বর্তমানে মামুনের বড় ছেলে পাপ্পু (১৩) রয়েছে ঢাকায় তাঁর ফুফুর বাড়িতে। আর ছোট ছেলে অপু (৮) তাঁর মায়ের কাছে থেকে লেখাপড়া করছে।হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, মামুনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরিবারের লোকজন তাঁকে থানায় নিয়ে আসে। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। মামুনকে কারাগারে পাঠানো হয়েছে। মামুনুর রশিদ বলেন, ‘জেল থেকে বের হয়ে আমি স্বাভাবিক কাজকর্ম করতে চাই। আর কখনো মাদক স্পর্শ করব না।’