'জীবনের সব শাখাতেই গণিত প্রয়োজন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মাঘের শীত ও ঘন কুয়াশা। সেই সঙ্গে হিমেল হাওয়া। এর মধ্যেই আসতে শুরু করে খুদে শিক্ষার্থীরা। উৎসব শুরুর কথা ছিল সকাল নয়টায়। কিন্তু সাড়ে আটটার মধ্যেই ভরে যায় উৎসব প্রাঙ্গণ। দুপুর পর্যন্ত তারা মেতে রইল গণিত নিয়ে।
টাঙ্গাইল শহরের বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজের মাঠে গতকাল রোববার অনুষ্ঠিত হলো ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব। এতে অংশ নেওয়া টাঙ্গাইলের অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৮০ জন শিক্ষার্থী মাদক, মুখস্থ ও মিথ্যাকে “না” বলে। প্রত্যয় ব্যক্ত করে ভীতি কাটিয়ে হেসেখেলে গণিত চর্চার।
সকালে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের ডিন মো. মতিউর রহমান। বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ্-বাংলা ব্যাংক টাঙ্গাইল শাখার ব্যবস্থাপক সৈয়দ মহিউদ্দিন নূন। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করেন প্রথম আলোর টাঙ্গাইল বন্ধুসভার সদস্যরা এবং ষড়জ পঞ্চম সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ আনন্দ মোহন দে বলেন, এ ধরনের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে গণিত নিয়ে যে ভীতি রয়েছে, তা দূর হবে। তারা গণিত চর্চায় উৎসাহী হবে। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তুলতে এ ধরনের উৎসব বড় ভূমিকা রাখবে।
উদ্বোধনী পর্ব শেষে প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতা শুরু হয়। এরপর বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক ও প্রথম আলোর যুব-বিষয়ক কর্মসূচির সমন্বয়কারী মুনির হাসানের প্রাণবন্ত উপস্থাপনায় শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। শূন্য কোথায় আবিষ্কার হয়েছে, ইংরেজি আট এবং বাংলা চার এক রকম কেন, সাবান বিভিন্ন রঙের হলেও ফেনা সব সময় সাদা হয় কেন, কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যায় না কেন, ঘড়ির কাঁটা ডান দিকে ঘোরে কেন—শিক্ষার্থীদের এমন মজার মজার প্রশ্ন আর অতিথিদের প্রাণবন্ত উত্তরে এ পর্বটি হয়ে ওঠে জমজমাট। বুদ্ধিদীপ্ত প্রশ্ন করে শিক্ষার্থীরা জিতে নেয় পুরস্কার।
শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, মুনির হাসান, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন মো. মতিউর রহমান, পদার্থবিদ্যা বিভাগের চেয়ারম্যান মাসুম হায়দার, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের (আইসিটি) সহযোগী অধ্যাপক সাজ্জাদ ওয়াহিদ।
সমাপনী পর্বে বক্তব্যে আব্দুল কাইয়ুম বলেন, ‘আজকের বিশ্বে এগিয়ে যেতে হলে আধুনিক জ্ঞান-বিজ্ঞানের ভিত্তি গড়ে তুলতে হবে। গণিত হচ্ছে বিজ্ঞানের ব্যাকরণ। বিজ্ঞানে উৎকর্ষ করতে চাইলে অবশ্যই গণিত জানতে হবে। জীবনের সব শাখাতেই গণিত প্রয়োজন।’
পরে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।
ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতা এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এ উৎসবের আয়োজন করে। টাঙ্গাইল অঞ্চলে এ উৎসবে ৩০ জন শিক্ষার্থী বিজয়ী হয়েছে। তারা ঢাকায় জাতীয় উৎসবে অংশ নেবে।