‘জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি রাসায়নিক পদার্থের ব্যবহার’
‘রাসায়নিক পদার্থের ব্যবহার জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। উন্নত বিশ্বে যে রাসায়নিক পদার্থকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেগুলো আমাদের দেশের চা-বাগানগুলোতে ব্যবহার করা হচ্ছে। যার ফলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।’ গতকাল শনিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সিলেটে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ মতামত ব্যক্ত করেন। বিকেলে সিলেট নগরের শাহজালাল উপশহর এলাকার বেলা সিলেট অঞ্চলের কার্যালয়ে ‘জীববৈচিত্র্যপূর্ণ একটি পৃথিবীই আমাদের স্বপ্ন’ শীর্ষক আলোচনা সভা হয়। সভায় সিলেটের পরিবেশ-প্রতিবেশ নিয়ে আলোচনা করা হয়। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এমাদউল্লাহ শহিদুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেলার গবেষণা কর্মকর্তা জহরত রিশাত। বক্তব্য দেন সিলেট চেম্বারের প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরী, আইনজীবী মোহাম্মদ মুমিনুল ইসলাম, বদরুল আহমেদ চৌধুরী, বৃক্ষছায়ার নির্বাহী পরিচালক শহীদ আহমেদ খান, উন্নয়নকর্মী উত্তম কুমার দাশ প্রমুখ। মূল প্রবন্ধে বলা হয়, উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে পরিবেশ অবক্ষয়ের যোগসূত্র সার্বিকভাবে বিদ্যমান। পরিবেশ ও উন্নয়নকে আলাদা করে দেখার উপায় নেই। দুটোই পরস্পর সম্পর্কযুক্ত।