‘জুবায়ের হত্যার ঘটনায় প্রশাসন নানা বিষয়ে মিথ্যাচার করেছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের আহমেদ হত্যাকাণ্ডের ঘটনায় বিচারসংশ্লিষ্ট নানা বিষয়ে প্রশাসন বিভিন্ন সময়ে মিথ্যাচার করেছে বলে অভিযোগ করেছেন আন্দোলনরত শিক্ষকেরা। তাঁদের অভিযোগ, প্রশাসন শিক্ষকদের সাত দফা দাবির বিষয়ে আশ্বাস দিলেও বেঁধে দেওয়া সময়ে তা বাস্তবায়ন হয়নি।এ কারণে গতকাল বুধবার সংবাদ সম্মেলন করে শিক্ষকেরা নতুন করে আগামী শনিবার থেকে সাত দিনব্যাপী কর্মসূচির ঘোষণা করেন। এ সময় তাঁরা গণনিয়োগ, প্রশাসনিক দুর্নীতি ও পরিবেশ-প্রকৃতি বিষয়ে তিনটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে বলে জানান।সাংবাদিক সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন শিক্ষক সমাজের ব্যানারে আন্দোলনরত শিক্ষকেরা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আন্দোলন পরিচালনা পর্ষদের আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন। এ সময় শিক্ষক সমিতির সম্পাদক মো. শরিফ উদ্দিন, এ টি এম আতিকুর রহমান, মো. সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে প্রশাসনিক দুর্নীতি অনুসন্ধানে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নইম সুলতানকে আহ্বায়ক করে দুই সদস্যবিশিষ্ট, গণনিয়োগ-সংক্রান্ত বিষয়ে রসায়ন বিভাগের অধ্যাপক মো. আবদুল্লাহ খানকে আহ্বায়ক করে দুই সদস্যবিশিষ্ট এবং পরিবেশ-প্রকৃতি বিষয়ে প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মনোয়ার হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়।তবে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, জুবায়ের হত্যাকাণ্ডের ঘটনায় প্রশাসন প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বহিষ্কার করা হয়েছে। প্রক্টরসহ দুজন সহকারী প্রক্টর ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। এ ছাড়া সিন্ডিকেট সভায় জুবায়েরের পরিবারকে আর্থিক সহায়তাদানসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।