‘জুলুম ও নির্যাতন গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার বিএনপির নেতা-কর্মীদের ওপর মামলা-হামলা-নির্যাতন চালিয়ে যাচ্ছে। বিএনপির নেতা-কর্মীদের ওপর যতই নির্যাতন-জুলুম-অত্যাচার করা হবে, গণতান্ত্রিক আন্দোলনও তত বেগবান হবে। বিএনপি কারও রক্তচক্ষুকে ভয় করে না। মামলা-হামলা-নির্যাতন করে গণতান্ত্রিক আন্দোলনও দমিয়ে রাখা যাবে না। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান, আরাফাত রহমানসহ বিএনপির নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রাম বিএনপি গতকাল সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। গতকালের সমাবেশে সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম ও নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন, কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান, নগর ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বক্তৃতা করেন। বক্তারা বলেন, বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে অর্থঋণ আদালতে মিথ্যা মামলা দিয়েছে সরকার। এ মামলা রাজনৈতিক প্রতিহিংসার প্রতিফলন। সরকার শেয়ারবাজার কেলেঙ্কারি, হলমার্ক ঋণ জালিয়াতি ও পদ্মা সেতুর দুর্নীতি আড়াল করতে এবং জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতে তারেক রহমান ও আরাফাত রহমানের বিরুদ্ধে মামলা দিয়েছে। বক্তারা আরও বলেন, সরকার আসলে রাজনৈতিকভাবে বিএনপিকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে অসৎ উদ্দেশ্যে আদালতের ঘাড়ে বন্দুক রেখে অগণতান্ত্রিক ও বেআইনি পন্থায় তারেক রহমান ও আরাফাত রহমানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ষড়যন্ত্র করছে। ফ্যাসিবাদী কায়দায় বিচার বিভাগকে প্রভাবিত করে অন্যায়ভাবে যদি কিছু করার চেষ্টা করা হয়, তা হলে দেশপ্রেমিক জনতাকে সঙ্গে নিয়ে যেকোনো মূল্যে সেই ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।