চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নেতা-কর্মীদের গুম করে, গ্রেপ্তার করে, মিথ্যা মামলা দিয়ে আন্দোলন থামানো যাবে না। গ্রেপ্তার-হয়রানি যত বাড়বে, আন্দোলনও তত তীব্র হবে। জুলুম করে এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না।বিএনপির নেতা ইলিয়াস আলীকে ‘গুম’ করার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে আমীর খসরু এসব কথা বলেন। সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।সমাবেশে আমীর খসরু প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘প্রতিবেশী দেশের সহযোগিতা নিয়ে ইলিয়াস আলীর মতো নেতাদের গুম করে বিএনপিকে যদি নেতৃত্বশূন্য করতে চান, তাহলে সেটা হবে বড় ভুল। এসব করে ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। কোনো শক্তিই আপনাকে ক্ষমতায় রাখতে পারবে না। বিভিন্ন পত্রিকার প্রতিবেদনের মাধ্যমে পরিষ্কার হয়েছে, ইলিয়াস আলীকে আসলে কারা অপহরণ করেছে। এখনো সময় আছে, ইলিয়াস আলীকে জীবিত অবস্থায় ফেরত দিন।’ প্রধানমন্ত্রীর উদ্দেশে আমীর খসরু আরও বলেন, ‘বিরোধী দলের নেতা-কর্মীদের হয়রানি থেকে মুক্তি দিন। নইলে দেশের মানুষ একদিন আপনার ও আপনার মন্ত্রী-উপদেষ্টাদের বিচার করবে।’ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, সাবেক সাংসদ রোজি কবির, বিএনপির কেন্দ্রীয় নেতা এ এম নাজিম উদ্দিন, আসলাম চৌধুরী, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান।