‘জুয়ার আসর নিয়ে এখানে চোর-পুলিশ খেলা চলছে’
পত্রিকায় সংবাদ প্রকাশের পর পুলিশ অভিযান চালালেও ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল পৌরশহরের আচারগাঁও সেতুর পাশের সেই জুয়ার আসরটি চলছেই। ভুক্তভোগী ব্যক্তিরা পুলিশের কাছে বিভিন্ন উপায়ে জুয়ার আসরটি বন্ধ করার দাবি জানিয়েও সাড়া পাননি বলে জানিয়েছেন এলাকার লোকজন।এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১২ মার্চ দিনের বেলায় নান্দাইল মডেল থানার পুলিশ ওই জুয়ার আসরে অভিযান চালায়। কিন্তু ওই রাতেই জুয়ার আসরটি বসে বলে নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি। লোকজন পুলিশের এ অভিযানকে লোক দেখানো বলে মন্তব্য করেছেন। নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শহরের একটি গুরুত্বপূর্ণ স্থানে নির্বিঘ্নে জুয়ার আসর চলতে থাকলে এলাকার লোকজন পুলিশের যোগসাজশ থাকা নিয়ে স্বাভাবিকভাবেই সন্দেহ করবে। এতে তাদের দোষ নেই। তবে কথা দিচ্ছি, ওই এলাকায় কোনো ধরনের জুয়ার আসর চলতে দেওয়া হবে না।’ ওসির এ ধরনের বক্তব্যের পরও জুয়ার আসরটি বন্ধ হয়নি।নান্দাইল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ মিয়া একই দিনে বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জুয়াড়িদের শাস্তির ব্যবস্থা নেবেন। এরপর জুয়ার আসরটি বন্ধ না হওয়ায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে।ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম সরকার এ প্রসঙ্গে বলেন, জুয়ার আসর নিয়ে এখানে চোর-পুলিশ খেলা চলছে। থানা থেকে পুলিশ বের হওয়ার আগেই জুয়াড়িরা খবর পেয়ে যায়। সরষের মধ্যে যে ভূত রয়েছে।