'জেএমবি কমান্ডার' এরশাদ পাঁচ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গ্রেপ্তার নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চট্টগ্রাম জেলা কমান্ডার দাবিদার এরশাদ হোসেন (২০) ওরফে মামুনকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম নুরে আলম ভুঁইয়া শুনানি শেষে এ আদেশ দেন।
পুলিশ জানায়, এরশাদ হোসেনকে ঢাকায় টাস্কফোর্স ইন্টারোগেশন সেলে (টিএফআই) জিজ্ঞাসাবাদ করা হবে।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান জানান, নগরের আকবর শাহ থানায় সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার এরশাদ হোসেনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বলেন, এরশাদকে জিজ্ঞাসাবাদ করতে থানায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে অনেক তথ্য দিয়েছেন। রিমান্ডে তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।
এরশাদকে জিজ্ঞাসাবাদ করতে আজ বুধবার ঢাকায় টিএফআই সেলে পাঠানো হবে বলে জানিয়েয়েছেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার। তিনি বলেন, এরশাদ পুলিশকে অনেক তথ্য দিয়েছেন। পাওয়া তথ্য যাচাই-বাছাই করতে তাঁকে টিএফআই সেলে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
সোমবার চট্টগ্রামের নিউ মনসুরাবাদের একটি বাসায় অভিযান চালিয়ে ধর্মীয় বই ও বোমা তৈরির সরঞ্জামসহ এরশাদকে পুলিশ গ্রেপ্তার করে।