'জেএমবি নেতা মাসুদ রানাই গুলি করেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুনিও হোশি
কুনিও হোশি

রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করেন জেএমবির নেতা মাসুদ রানা। কুনিও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গতকাল মঙ্গলবার আদালতে দেওয়া সাক্ষ্যে এ কথা বলেছেন প্রত্যক্ষদর্শী রিকশাচালক আবদুল মোন্নাফ ও চা-দোকানি আবদুল্লাহ আল মামুন।রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকারের আদালতে গতকাল সাক্ষ্যগ্রহণের তৃতীয় দিন এ দুই সাক্ষী মাসুদ রানাকে শনাক্ত করে সাক্ষ্য দেন। মোন্নাফ কুনিওকে বহনকারী রিকশার চালক। আর মামুন কুনিও হত্যার ঘটনাস্থলের কাছাকাছি দোকানের চা-বিক্রেতা। এ দুজনকে নিয়ে গতকাল পাঁচজনের সাক্ষ্যগ্রহণ করা হয়। এ ছাড়া এই কয়েক দিনে সাক্ষ্যগ্রহণ হয়েছে মোট ১২ জনের।
সরকারপক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী ও বিশেষ পিপি রথীশ চন্দ্র ভৌমিক রিকশাচালক ও চা-দোকানির সাক্ষ্যের বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল যে পাঁচজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয় তাঁদের মধ্যে বাকি তিনজন হলেন ঘটনাস্থল কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের কাচু আলুটারি গ্রামের বাসিন্দা মাইদুল ইসলাম, নুরুল ইসলাম ও আরশাদ হোসেন। এর আগে মামলার বাদী রেজাউল করিম, সারাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফুল হকসহ সাতজনের সাক্ষ্য নেওয়া হয়েছে। বুধবারও (আজ) পাঁচজনের সাক্ষ্য নেওয়া হবে। মামলাটিতে ৫৭ জন সাক্ষী।

প্রত্যক্ষদর্শী ও আদালত সূত্র জানায়, গতকাল পুলিশি নিরাপত্তার মধ্যে আদালতে মামলার আট আসামির মধ্যে কারাগারে থাকা পাঁচজনকে হাজির করা হয়। তাঁরা হলেন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পীরগাছার আঞ্চলিক কমান্ডার ও পীরগাছা উপজেলার পশুয়া টাঙ্গাইলপাড়ার মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রী, একই এলাকার জেএমবির সদস্য ইছাহাক আলী, পীরগাছার কালীগঞ্জ বাজারের জেএমবির সদস্য আবু সাঈদ, বগুড়ার গাবতলীর জেএমবির সদস্য লিটন মিয়া ও গাইবান্ধার সাঘাটার হলদিয়ার চর এলাকার সাখাওয়াত হোসেন।

মামলায় পলাতক রয়েছেন রাজারহাটের আহসান উল্লাহ আনসারী ওরফে বিপ্লব। বাকি দুই আসামি পঞ্চগড়ের দেবীগঞ্জের নজরুল ইসলাম ওরফে হাসান ওরফে বাইক হাসান রাজশাহীতে ও কুড়িগ্রামের রাজারহাটের সাদ্দাম হোসেন ওরফে রাহুল ওরফে চঞ্চল ওরফে সবুজ ওরফে রবি ঢাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

২০১৫ সালের ৩ অক্টোবর কুনিও হোশিকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় কাউনিয়া থানার তৎকালীন ওসি রেজাউল করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা আবদুল কাদের জিলানী জেএমবির আট সদস্যের বিরুদ্ধে রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।