জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার সাংবাদিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জেগে ওঠো দেশবাসী, রুখে দাঁড়াও বাংলাদেশ’ স্লোগানে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তাঁরা।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এই অঙ্গীকার করেন সাংবাদিকেরা। জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ যৌথভাবে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই মানববন্ধনের আয়োজন করে।

এক ঘণ্টার ওই মানববন্ধনে অংশ নেন দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার, জ্যেষ্ঠ সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, বিএফইউজের (একাংশ) সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, বিএফইউজের (একাংশ) মহাসচিব ওমর ফারুক, বিএফইউজের (একাংশ) সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, জ্যেষ্ঠ সাংবাদিক মোল্লা জালাল, ডিইউজের (একাংশ) সভাপতি শাবান মাহমুদ প্রমুখ।

জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সারা বাংলাদেশে সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনগুলো এই কর্মসূচি পালন করে।

গোলাম সারওয়ার বলেন, সাংবাদিকেরা বস্তুনিষ্ঠ, ন্যায়নিষ্ঠ ও সত্য সংবাদ পরিবেশন করেন। কিন্তু জঙ্গিবাদ প্রশ্নে বস্তুনিষ্ঠ থাকার আর সুযোগ নেই। জঙ্গিবাদ রাষ্ট্রকে আক্রমণ করেছে। তাই রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্নে সাংবাদিকেরা রাষ্ট্রের পাশে আছেন।

রিয়াজউদ্দিন আহমেদ বলেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে কোনো বিভাজন নেই। আমি এটিকে সমর্থন জানাই। সন্ত্রাসবাদ নিপাত যাক। ধর্মের অপব্যাখ্যার নামে হত্যা, সন্ত্রাস করা চলবে না।’

জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান বলেন, যেসব দল জঙ্গিবাদকে সমর্থন করছে, তারা মুসলমান নয়, শয়তান।

মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘আজকে জঙ্গিবাদ জাতি ও রাষ্ট্রকে সংকটের মধ্যে ফেলে দিয়েছে। ইসলামের নামে যারা সহিংসতা করছে, তারা প্রকৃত ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা করছে। সাংবাদিক ও মানুষ হিসেবে তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।’