'জেগে ওঠার শক্তির প্রতীক হয়ে থাকবেন তিনি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ শামসুল হক
সৈয়দ শামসুল হক

সৈয়দ শামসুল হক ছিলেন বাঙালি জাতির চেতনার বাতিঘর। দুঃসময়ে বাঙালি জাতিকে লেখনীর মাধ্যমে তিনি পথ দেখিয়েছেন। আগামী দিনেও জেগে ওঠার শক্তির প্রতীক হয়ে থাকবেন তিনি। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক স্মরণে গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের মুসলিম হল চত্বরে আয়োজিত শোকসভায় বক্তারা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন উপলক্ষে গতকাল মুসলিম হলে পূর্বনির্ধারিত সভা ছিল নগর আওয়ামী লীগের। এই সভা স্থগিত করে সৈয়দ শামসুল হক স্মরণে শোকসভার আয়োজন করা হয়। চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে শোকসভায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম প্রমুখ বক্তৃতা করেন।
অনুপম সেন বলেন, ‘সৈয়দ শামসুল হকের অসামান্য রচনা, অসাধারণ নাটক, কাব্য এবং কালজয়ী গান আমাদের সুন্দরের দিকনির্দেশনা দেবে।’
মহিউদ্দিন চৌধুরী বলেন, সৈয়দ শামসুল হক বাঙালি জাতীয়তাবাদের চেতনার অগ্নিমশাল। তিনি মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনার মিছিলে অন্যতম কান্ডারি।
আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি প্রয়াত সৈয়দ শামসুল হকের গভীর ভালোবাসা ও আনুগত্য তাঁকে ইতিহাসের পাতায় মহান করে রাখবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিনের আগে সৈয়দ শামসুল হকের মৃত্যু আমাদের হৃদয়কে ক্ষত করেছে।’
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ: এদিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আন্দরকিল্লার দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনের কর্মসূচি স্থগিত করে সৈয়দ শামসুল হক স্মরণে শোকসভা করে। গতকাল বিকেলে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোজাহেরুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। বক্তৃতা করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বক্তারা বলেন, সৈয়দ শামসুল হকের মৃত্যু বাঙালি জাতির জন্য অপূরণীয় ক্ষতি।