'জেগে ওঠো তৃণমূল...'
সিলেট সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর ছবিসংবলিত একটি প্রচারপত্র ঘিরে নগরে চাঞ্চল্য দেখা দিয়েছে। গত শুক্রবার নগরের ভোটারদের মধ্যে প্রচারপত্রটি বিলি হয়। এতে সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির একাধিক প্রার্থীর মধ্য থেকে ‘বিএনপির পরীক্ষিত সৈনিককে’ চিনে নিয়ে তাঁর পক্ষে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
প্রচারপত্রে সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করা কারও নাম উল্লেখ করা হয়নি। তবে এতে বলা হয়, বিএনপির মধ্যে ঘাপটি মেরে থাকা সুবিধাবাদী ও সরকারের দালাল চক্র আবার মাঠে নেমেছে। এই অবস্থায় ‘বিএনপির পরীক্ষিত সৈনিককে’ সাহস জোগানোর আহ্বান জানিয়ে বলা হয়, ‘জেগে ওঠো তৃণমূল...।’ নিচে লেখা আছে, প্রচারে: তৃণমূল বিএনপি ও অঙ্গ-সংগঠন, সিলেট।
যোগাযোগ করা হলে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক সাংসদ দিলদার হোসেন গতকাল শনিবার প্রথম আলোকে জানান, এ রকম কোনো প্রচারপত্র তাঁর নজরে আসেনি। নির্বাচনে মেয়র পদে একাধিখ বিএনপির নেতার মনোনয়নপত্র জমা দেওয়ায় দলের তৃণমূল পর্যায়ে কিছুটা ক্রিয়া-প্রতিক্রিয়া রয়েছে।