'জেনেভা ক্যাম্পের মাদক ব্যবসা নিয়ন্ত্রণই মূল চ্যালেঞ্জ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ সালের সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন হাবিবুর রহমান। তিনি গতকাল ওয়ার্ডের বিভিন্ন বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন।

প্রথম আলো: ওয়ার্ডের বাসিন্দারা মাদকের প্রকোপ নিয়ে বেশ চিন্তিত। এ বিষয়ে আপনার পর্যবেক্ষণ কী?

কাউন্সিলর: জেনেভা ক্যাম্পের মাদকের ব্যবসা যে ওয়ার্ডের মূল সমস্যা সেটা আমিও বলব। আমরা নানা সময়ে, নানাভাবে এটি বন্ধের চেষ্টা করেছি। পুলিশ-প্রশাসনের তৎপরতায় বেশ সফলতাও এসেছিল। কিন্তু সম্প্রতি তা আবার আগের অবস্থায় ফিরে গেছে। আমার মনে হয়, প্রশাসনের সঙ্গে এলাকাবাসীর সর্বাত্মক উদ্যোগ ছাড়া এটা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

প্রথম আলো: শ্যামলী শিশুপার্ক নিয়ে এলাকাবাসীর মধ্যে বেশ উচ্ছ্বাস তৈরি হয়েছে। ওয়ার্ডের অন্য মাঠ কিংবা পার্কগুলো কি একই পদ্ধতিতে পরিচালনা করা যায় না?

কাউন্সিলর: এই ওয়ার্ডে এমন মাঠের সংখ্যা চারটি, যেগুলো সরাসরি সিটি করপোরেশনের তত্ত্বাবধানে আছে। এর মধ্যে দুটির সংস্কারকাজ চলছে। বাকি দুটিও দ্রুত সংস্কারের আওতায় আনা হবে। শ্যামলী পার্কটি সংস্কারের পর সেটি রক্ষণাবেক্ষণের কাজে স্থানীয় ব্যক্তিদের সম্পৃক্ত করায় যে ইতিবাচক ফলাফল এসেছে, তাতে সংস্কারের পর অন্য মাঠগুলোও একইভাবে পরিচালনার কথা আমরাও ভাবছি।