‘জেনেশুনেই বিষ পান করছি’
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সদাবরি গ্রামের বাসিন্দারা বন্ধ হয়ে যাওয়া নিরাপদ খাবার পানি সরবরাহ প্রকল্প অবিলম্বে চালু করার দাবি জানিয়েছেন।গ্রামের বাসিন্দা স্থানীয় কুড়ালগাছি ইউনিয়ন পরিষদের সদস্য রিপন হোসেন বলেন, ‘আগে না জেনে আর্সেনিক ও আয়রনযুক্ত পানি পান করতাম। এখন জেনেশুনেই এ বিষ পান করছি। অথচ একটি গভীর নলকূপ বসিয়ে প্রকল্পটি চালু করলে গ্রামের অন্তত দুই হাজার মানুষের উপকার হয়।’জানা গেছে, ২০০৩ সালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সদাবরি গ্রামে নলকূপের পানিতে সহনীয় মাত্রার চেয়ে বেশি আর্সেনিকের উপস্থিতি দেখতে পায়। এরপর নিরাপদ খাবার পানি সরবরাহের লক্ষ্যে ৩৪ লাখ টাকা ব্যয়ে ২০০৪ সালে জিওবি-৪ নামে একটি প্রকল্প বাস্তবায়ন করে। ধান্যঘরা মাঠে একটি পাকা সংরক্ষণাগার এবং পাশে ৩০ হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন সুউচ্চ একটি জলাধার নির্মাণ করা হয়। ধান্যঘরা সেচ সমিতির একটি গভীর নলকূপের মাধ্যমে বৈদ্যুতিক মোটর দিয়ে ওই জলাধারে পানি উত্তোলন ও সংরক্ষণ করে তা আর্সেনিক ও আয়রন দূরীকরণ প্ল্যান্টের মাধ্যমে শোধন করে মাটির নিচ দিয়ে পাইপলাইনের মাধ্যমে গ্রামের তিনটি কমিউনিটি ট্যাংকে জমা করা হতো। সেখান থেকে পাইপলাইনের মাধ্যমে সদস্যদের বাড়ি বাড়ি সরবরাহের ব্যবস্থা করা হয়। এই প্রকল্প চালুর পর গ্রামবাসী আর্সেনিকমুক্ত নিরাপদ খাবার পানি পান করতে শুরু করেন। সদাবরি গ্রামীণ পানি সমিতির ব্যবস্থাপনায় পরিচালিত এই প্রকল্প গ্রামবাসীর মধ্যে আশার আলো ছড়িয়ে দেয়। কিন্তু চালুর মাত্র ছয় মাসের মাথায় প্রকল্পটি বন্ধ হয়ে গেছে। গ্রামের মনিরুল ইসলাম বলেন, ‘প্রকল্পটি বন্ধের পর জাইনে শুইনে বিষ পান করচি।’ নাসির উদ্দিন বলেন, ‘গ্রামের মাঝখানে একটি গভীর নলকূপ না বসালে কোনো উপকারই হবে না।’ প্রায় একই ধরনের কথা বলেন জহির হোসেন, আবদুল মমিন, ওলি হোসেন, আলমগীর কবিরসহ কয়েকজন।সদাবরি গ্রামীণ পানি সমিতির সভাপতি মো. ওবাইদুল্লাহ জানান, প্রকল্প বাস্তবায়নের শুরুতেই পরিকল্পনায় ত্রুটি ও অনিয়ম ছিল। জলাধারসহ প্রয়োজনীয় স্থাপনা সদাবরি গ্রামে তৈরি করা দরকার ছিল। প্রকল্পের নিজস্ব গভীর নলকূপ স্থাপন না করে অন্য গ্রামের নলকূপ ব্যবহার করায় সমস্যা আরও বেশি হয়েছে। ফলে বেশির ভাগ সময় জলাধারে পানি থাকত না। তাই চালুর ছয় মাস পর থেকেই প্রকল্পটি অব্যবহূত অবস্থায় বন্ধ হয়ে পড়ে রয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ওমর আলী বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সদাবরি গ্রামের নিরাপদ পানি সরবরাহ প্রকল্পটি বাস্তবায়িত হয়েছিল। তবে পরে মনে হয়েছে স্বতন্ত্র নলকূপ থাকলে প্রকল্পটি বন্ধ হতো না। প্রকল্পের সুবিধাভোগী সদস্যদের উজ্জীবিত করে প্রকল্পটি চালুর বিষয়ে শিগগির প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।