‘জেলে গিয়ে সরকারের টাকায় ভাত খাব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাদের জেলে যাওয়ার ভয় দেখাবেন না। চালের দাম যেভাবে বাড়ছে, তাতে জেলে গিয়ে সরকারের টাকায় ভাত খাব। আমরা আর ঘরে বসে থাকব না।’সরকারকে উদ্দেশ করে কথাগুলো বলেছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম। গতকাল শনিবার বিকেলে পুরানা পল্টনে ঢাকা মহানগর জামায়াতের কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশে আজহার এ কথা বলেন। জামিনে মুক্তির পর জামায়াতের ঢাকা মহানগর শাখার আমির রফিকুল ইসলাম খানকে আবারও গ্রেপ্তার করার প্রতিবাদে এ সমাবেশ করা হয়।সরকারকে উদ্দেশ করে এ টি এম আজহার বলেন, ‘আপনারা আইনের শাসনের কথা বলেন। কিন্তু বিরোধীদলীয় নেতাদের মানুষ হিসেবেই গণ্য করেন না। জুলুমের একটা সীমা আছে। আপনারা সাবধান হোন। নইলে আল্লাহর গজব নেমে আসবে। মানুষ ক্ষমা করলেও আল্লাহ ক্ষমা করবে না।’ গণমাধ্যমের তীব্র সমালোচনা করে এ টি এম আজহার বলেন, ‘আমাদের নেতাদের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করতে পারবেন না। পত্রিকায় যা-ই বলা হোক না কেন, দেশের মানুষ জানে জামায়াত-শিবিরের লোকজন কেমন। জনগণকে সাময়িকভাবে উত্তেজিত করা যায়, কিন্তু কোনো শক্তিকে নিশ্চিহ্ন করা যায় না।’