'জোরে বাস চালানো যায় না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন

ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুর থেকে টেকেরহাট অংশের বিভিন্ন স্থানে খানাখন্দ তৈরি হয়েছে। অনেক স্থানের পিচ উঠে গেছে। ছবিটি সম্প্রতি সড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জোয়ারিয়া এলাকা থেকে তোলা l আলীমুজ্জামান
ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুর থেকে টেকেরহাট অংশের বিভিন্ন স্থানে খানাখন্দ তৈরি হয়েছে। অনেক স্থানের পিচ উঠে গেছে। ছবিটি সম্প্রতি সড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জোয়ারিয়া এলাকা থেকে তোলা l আলীমুজ্জামান

‘রাস্তার অবস্থা এত খারাপ যে জোরে বাস চালানো যায় না। প্রায়ই বাস বিকল হয়ে পড়ে। তাই মেরামতে খরচ বেশি হয়। ঝাঁকুনির কারণে এক যাত্রী আরেক যাত্রীর ওপর গিয়ে পড়েন। তখন দোষ হয় চালকের। সব মিলে মহাবিপদে আছি।’ কথাগুলো বলছিলেন ফরিদপুর-টেকেরহাট পথের বাসচালক তালমার জাফর সর্দার। কয়েক বছর ধরে তিনি এই পথে বাস চালাচ্ছেন।
ফরিদপুর থেকে টেকেরহাটের দূরত্ব ৫২ কিলোমিটার। সড়কটির অন্তত ১৮ কিলোমিটার চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এটি ঢাকা-বরিশাল মহাসড়কের অন্তর্ভুক্ত। ওই ১৮ কিলোমিটারের মধ্যে ফরিদপুরে ১৫ কিলোমিটার এবং গোপালগঞ্জে তিন কিলোমিটার রয়েছে।
সড়ক বিভাগ সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১১-১২ অর্থবছরে সড়কের ফরিদপুর-টেকেরহাট অংশ সংস্কারে বরাদ্দ এসেছিল। এরপর আর কোনো বরাদ্দ পাওয়া যায়নি। তবে সড়কের কোথাও কোনো সমস্যা দেখা দিলে জরুরি ভিত্তিতে চলাচলের উপযোগী করা হয়েছে।
গত ১৬ অক্টোবর সরেজমিনে দেখা যায়, গুরুত্বপূর্ণ সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দ তৈরি হয়েছে। বড় গর্তগুলো ইট দিয়ে ভরাট করা হয়েছে। অনেক স্থানে বিটুমিনের কার্পেটিং উঠে গেছে, কোথাও কোথাও বিটুমিনের উঁচু ঢিবি। বৃষ্টিতে সড়কে গর্তে পানি জমেছে।
সড়কের গোপালগঞ্জের অংশে ছাগলছিড়া থেকে ক্লাবঘর পর্যন্ত এক কিলোমিটার, দিগনগরের বাগাট বাসস্ট্যান্ড থেকে খানজাপুর পর্যন্ত এক কিলোমিটার, বড়ইতলা থেকে ভাঙ্গার দিকে এক কিলোমিটারসহ মোট তিন কিলোমিটার অংশ ভাঙাচোরা, খানাখন্দে ভরা। এ ছাড়া ফরিদপুর অংশে ভাঙ্গার চুমরদী থেকে সদরদী দুই কিলোমিটার, ভাঙ্গা চৌরাস্তা থেকে হামেরদী পর্যন্ত তিন কিলোমিটার, জোয়াই বটতলা থেকে ডাঙ্গি পর্যন্ত এক কিলোমিটার, কাজি কুড়িয়াল থেকে শংকরপাশা পর্যন্ত তিন কিলোমিটার, তালমা থেকে বাখুন্ডা পর্যন্ত ছয় কিলোমিটারসহ মোট ১৫ কিলোমিটার বেশি খারাপ অবস্থায় রয়েছে।
পিকআপ ভ্যানচালক সুমন গাজী বলেন, ‘রাস্তা ভাঙা থাকায় গাড়ি ধীরে চালাতে হয়। এ জন্য এই রাস্তায় দুবার ছিনতাইকারীর কবলে পড়েছি। ডাকাতেরা আমার ও যাত্রীদের সব কেড়ে নিয়ে গেছে।’ টেকেরহাট পপুলার হাইস্কুল অ্যান্ড কলেজের ছাত্র সজীব মোল্লা বলেন, ভ্যানে করে বিদ্যালয়ে যেতে হয়। কিন্তু এবড়োখেবড়ো রাস্তার কারণে ভ্যানে প্রচণ্ড ঝাঁকি হয়। অনেক সময় ভ্যান থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়।
ফরিদপুর সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, মহাসড়কের ফরিদপুর শহর থেকে ভাঙ্গা পর্যন্ত ৩২ কিলোমিটার অংশ তদারকির দায়িত্বে রয়েছে ফরিদপুর সড়ক বিভাগ। বাকি ২০ কিলোমিটার অংশ দেখভালের দায়িত্ব মাদারীপুর সড়ক বিভাগের।
মাদারীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রহিম বলেন, মহাসড়কের মাদারীপুরের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এর আগে অতিবৃষ্টির কারণে সংস্কারকাজ ব্যাহত হয়েছে। আগামী এক মাসের মধ্যে সংস্কারকাজ শেষ হবে।
ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর অংশে ক্ষতিগ্রস্ত সড়কটি মেরামতের জন্য ১৫ কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। বর্তমানে এটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদনের পর টাকা বরাদ্দ পাওয়া গেলেই সংস্কারকাজ শুরু হবে।