'জোর করে এনে শ্রমিকদের হত্যা করা হয়েছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাভার ট্র্যাজেডি কোনো দুর্ঘটনা নয়। এখানে জোর করে ডেকে এনে শ্রমিকদের হত্যা করা হয়েছে।’

সাভারে ধসে যাওয়া রানা প্লাজা ভবনের ওই স্থানের সামনে আজ শুক্রবার অনুষ্ঠিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। ভবনধসের এক মাস পূর্ণ হয়েছে আজ। এ উপলক্ষে ঘটনাস্থলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কয়েকটি সংগঠন।

সকাল ১০টার দিকে ল্যাম্পপোস্ট বিপ্লবী ছাত্র যুব আন্দোলন, ছাত্র গণমঞ্চ, প্রপদ, গণমুক্তি গানের দল, মার্ক্সবাদের প্রথম পাঠ, দাবানল, গার্মেন্টস শ্রমিক সংহতি ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে ভবনধসে নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরাও অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, এখনো অনেকে তাঁদের স্বজনদের খুঁজে পাননি। সরকারের পক্ষ থেকে হতাহত ও নিখোঁজ ব্যক্তিদের যে তথ্য দেওয়া হচ্ছে, তা সঠিক নয়।

নিহত, নিখোঁজ ও আহত ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করার দাবি জানান বক্তারা। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও স্থানীয় সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদের গ্রেপ্তারের দাবি জানান তাঁরা।

এর আগে ধসে যাওয়া ভবনের সামনে প্রতীকী বেদি তৈরি করে নিহত ব্যক্তিদের স্মরণে এতে ফুল দেওয়া হয়।