
‘সরকারি দল তো জিতেই গেছে। ভোটকেন্দ্রে যাওয়ার আর জোশ পাইতাছি না। ভোটারদের মনের কথা রাজনৈতিক দলগুলো যদি বুঝত, তাইলে এমন পরিস্থিতির সৃষ্টি হইত না।’
চকবাজার এলাকার এক চায়ের দোকানে বসে নির্বাচন নিয়ে এভাবেই বলছিলেন তরুণ শাহদাত হোসেন। তিনি বলেন, ‘কোনো প্রার্থীর লোকজনই টোকেন দেয়নি। ভোটার নম্বর জানি না। ভালো হইছে, ভোট না দেওয়ার একটা ভালো অজুহাত পাইছি।’
শাহাদাত হোসেনের মতো ঢাকা-৭ আসনের অনেক ভোটারেরই আজকের দশম সংসদ নির্বাচন নিয়ে গরজ নেই। ঢাকা-৪ আসনেও প্রায় একই অবস্থা, সাধারণ মানুষের আগ্রহ কম। উভয় আসনের ভোটাররা অবশ্য নিরাপত্তা নিয়েও শঙ্কিত। সাধারণ ভোটারদের আগ্রহ না থাকলেও প্রার্থীরা কিন্তু বসে নেই। নির্বাচনের প্রচারণা আগেই শেষ হওয়ায় গতকাল শনিবার তাঁরা সারা দিনই মূলত দলের নেতা-কর্মীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা করেছেন।
পোস্টার আছে, উত্তাপ নেই: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৩ থেকে ৩৬ (৩৪ ছাড়া) নম্বর ওয়ার্ড বা লালবাগ, চকবাজার, বংশাল ও কোতোয়ালি থানা নিয়ে গঠিত ঢাকা-৭ আসন। ভোটারসংখ্যা তিন লাখ এক হাজার ২৮৯। ভোটকেন্দ্র ১২০টি ও ভোটকক্ষ হচ্ছে ৬২৬টি।
এ আসনে প্রতিদ্বন্দ্বী তিনজন—আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হাজি মোহাম্মদ সেলিম (হাতি) ও আইনজীবী মোহাম্মদ রিয়াজউদ্দিন (আনারস)। এর মধ্যে হাজি সেলিম সাবেক সাংসদ ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। দুপুর সাড়ে ১২টার দিকে লালবাগে হাজি সেলিমের নির্বাচনী কার্যালয় মদিনা টাওয়ারে গিয়ে দেখা যায়, তিনি শতাধিক কর্মী নিয়ে বৈঠক করছেন। বৈঠক শেষে কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, নাশকতা না হলে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসবেন।
জয়ের ব্যাপারে আশাবাদী হাজি সেলিম বলেন, ‘বর্তমান সাংসদের ওপর নাখোশ হয়েই এলাকার লোকজন আমাকে ভোটে দাঁড় করিয়েছে। তারাই প্রচার-প্রচারণা চালিয়েছে।’ অন্যদিকে মোস্তফা জালাল সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘আশা করি, মানুষ আমাকে আবার সেবা করার সুযোগ দিবেন।’
মদিনা টাওয়ার থেকে বের হতেই নির্বাচনী হাওয়াটা কিছুটা হলেও পাওয়া গেল। লালবাগ, চকবাজার ও বংশাল এলাকার অলিগলি ঘুরে শুধু সাদা-কালো পোস্টারই দেখা গেল।
চকবাজারের ব্যবসায়ী আলমগীর খান এবারের নির্বাচন নিয়ে হতাশ। বললেন, ‘আমার পরিবারে ১২ জন ভোটার। তবে আমরা হয়তো ভোট দিতে যাব না।’ কারণ হিসেবে বললেন, ‘সারা দেশে অনেক ভোটকেন্দ্র আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এখানে যে হামলা হবে না, তার নিশ্চয়তা কে দেবে?’ চকবাজারের ক্ষুদ্র ব্যবসায়ী আবদুল হামিদ ও বাঁধন মিয়া জানালেন, নির্বাচন নিয়ে কথাবার্তা কম। তবে নৌকা ও হাতির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।
আমেজ আছে, আমেজ নেই: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৪ ওয়ার্ড ও শ্যামপুর ইউনিয়ন নিয়ে ঢাকা-৪ আসন। এখানে ভোটার সংখ্যা দুই লাখ ২৮ হাজার ৫১৭। ভোটকেন্দ্র ৭৩ ও ভোটকক্ষের সংখ্যা ৪৩১টি।
এ আসনে দুজন প্রার্থী লড়ছেন। একজন মহাজোট থেকে মনোনীত প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন (বাবলা)। তাঁর প্রতীক লাঙ্গল। আরেকজন হাতি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন। শ্যামপুর, জুরাইন ও কদমতলী এলাকা ঘুরে গতকাল বিকেলে বেশ কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেল, ভোট নিয়ে তাঁদের তেমন আগ্রহ নেই। অনেকেই আবার নির্বাচন ঘিরে সারা দেশের জ্বালাও-পোড়াও এবং নিরীহ মানুষ হত্যায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন।
শ্যামপুর এলাকার বাসিন্দা আবদুল সাত্তার বলেন, ‘নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি নেই। এখন ফাঁকা মাঠে গোল দেবে আওয়ামী লীগ।’ পোস্তগোলা ব্রিজ এলাকায় চায়ের দোকানে বসেই চা খাচ্ছিলেন শ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। তিনি বলেন, ‘স্কুলের বাচ্চাদের মতো চেয়ার খেলায় ব্যস্ত দুই নেন্ত্রী। কিন্তু স্কুলের বাচ্চারা কথা শুনলেও তারা শুনতে নারাজ।’
উল্টো কথা বললেন প্রার্থী আওলাদ হোসেন। বিকেল চারটার দিকে তিনি বলেন, ‘পুরো এলাকায় নির্বাচনী আমেজ। পোস্টারে পুরো এলাকা ভরে গেছে। আমি ভোটারদের হাতে-পায়ে ধরে ভোট চেয়েছি।’ আওলাদ অভিযোগ করে বলেন, ‘নির্বাচন সামনে রেখে প্রশাসন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে কাজ করছে। এলাকার সাংসদ উদ্দেশ্যমূলকভাবে গত পরশু আমার ২৬ নেতা-কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছে। পুলিশ এখন তাঁদের ধরপাকড় করছে।’
যোগাযোগ করেও আবু হোসেনের সঙ্গে কথা বলা যায়নি। সম্প্রতি তিনি প্রথম আলোকে বলেন, ‘ভোটারদের পূর্ণ সমর্থন রয়েছে আমার প্রতি।’