‘জোয়ারে ঘর ছাড়ি ভাডায় ফিরি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মোরা জোয়ারে ডুইব্যা ঘরবাড়ি ছাড়ি। ভাডায় আবার ফিইর‌্যা আই। একটা বাঁধের লইগ্যা চাইর বছর ধইর‌্যা কত জনেরে কইলাম। কেউ কিচ্ছু হরে না।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের পায়রা নদীতীরের গ্রাম ফালিসাতলীর বাসিন্দা মোক্তার আলী (৬৫)।প্রমত্তা পায়রার ভাঙনে অনেক আগেই এই গ্রামের দেড় শতাধিক পরিবারের জমিজমা বিলীন হয়ে গেছে। ঘূর্ণিঝড় সিডরে বাঁধ বিলীন হয়ে যাওয়ার পর সেখানে দেড় ফুট উচ্চতার একটি বাঁধ নির্মাণ করা হলেও একটু অস্বাভাবিক জোয়ার এলেই উপচে পানি উঠে তলিয়ে যায় ঘড়বাড়ি ও খেতখামার। বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফালিসাতলী গ্রামে ১৮৩টি পরিবার বাস করে। চালিতাতলীর কোল ঘেঁষে উত্তর-পূর্ব দিকে প্রায় দেড় কিলোমিটার এলাকায় বন্যানিয়ন্ত্রণ বাঁধ উপচে পানি উঠে লোকালয়ে ঢুকে পড়ায় চরম ঝুঁকির মধ্যে বসবাস করছে পরিবারগুলো। চালিতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সারমিন জানায়, জোয়ারের পানিতে প্রায়ই তাদের বইপত্র ভিজে যায়। আবার রোদে শুকিয়ে বিদ্যালয়ে যায় ওরা। অমাবস্যা-পূর্ণিমার সময় ছোট নৌকায় করে বিদ্যালয়ে যেতে হয়।পানি উন্নয়ন বোর্ড বরগুনা কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী গাজী ইয়ার আলী এ বিষয়ে বলেন, ফালিসাতলীর ওই এক কিলোমিটার এলাকা খুবই ঝুঁকিপূর্ণ। অবস্থা পর্যবেক্ষণের জন্য শিগগিরই এলাকা পরিদর্শন ও বাঁধ উঁচু করার ব্যবস্থা নেওয়া হবে।