'জ্ঞানালোক' পুরস্কার পেলেন তিনজন

নিভৃতচারী ও প্রচারবিমুখ কিন্তু আলোকিত সমাজ গড়ে তুলতে ভূমিকা রেখেছেন এমন তিনজন ব্যক্তিকে ‘জ্ঞানালোক’ পুরস্কার দিয়েছে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন নামের একটি সংগঠন।
আজ শনিবার সকালে রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে ২০১৫ সালে যুগ্মভাবে ‘জ্ঞানালোক’ পুরস্কার দেওয়া হয় কথাশিল্পী ও বিজ্ঞানী পূবরী বসু ও খ্যাতিমান প্রত্নতত্ত্ববিদ সুফি মোস্তাফিজুর রহমানকে। ২০১৬ সালে এ পুরস্কার পান উয়ারী–বটেশ্বর প্রত্নস্থানের পথিকৃত গবেষক মুহাম্মদ হাবিবুল্লাহ পাঠান।
অনুষ্ঠানে ‘জ্ঞানালোক’ পুরস্কারপ্রাপ্তদের এক লাখ টাকার চেক ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত পূরবী বসু তাঁর এ সম্মাননার অর্থ দিয়ে একটি বৃত্তি তহবিল গঠন করার কথা জানান। এ তহবিল থেকে প্রতিবছর মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী এভিজেএম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থীর জন্য বৃত্তি হিসেবে দেওয়া হবে।
পুরস্কারপ্রাপ্ত হাবিবুল্লাহ পাঠান ‘মাটি নিয়ে নাড়াচাড়া করেও’ পুরস্কার পাওয়ায় আনন্দ প্রকাশ করে বলেন, পুরস্কার পাওয়ায় দায়িত্ব বেড়ে যায়। তিনি প্রত্নতত্ত্ব গবেষণায় তার অসমাপ্ত কাজগুলো করে যাওয়ার অঙ্গীকার জানান।
সংগঠনের সভাপতি নূহ–উল–আলম লেনিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।