'জ্ঞানালোক' পুরস্কার পেলেন তিনজন
নিভৃতচারী ও প্রচারবিমুখ কিন্তু আলোকিত সমাজ গড়ে তুলতে ভূমিকা রেখেছেন এমন তিনজন ব্যক্তিকে ‘জ্ঞানালোক’ পুরস্কার প্রদান করেছে ‘অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন। গতকাল শনিবার সকালে রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে ২০১৫ সালে যুগ্মভাবে জ্ঞানালোক পুরস্কার দেওয়া হয় কথাশিল্পী ও বিজ্ঞানী পূরবী বসু ও খ্যাতিমান প্রত্নতত্ত্ববিদ সুফি মোস্তাফিজুর রহমানকে। ২০১৬ সালে এ পুরস্কার পান উয়ারী-বটেশ্বর প্রত্নস্থানের পথিকৃৎ গবেষক মুহাম্মদ হাবিবুল্লাহ পাঠান।
অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের এক লাখ টাকার চেক ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত পূরবী বসু তাঁর সম্মাননার অর্থ দিয়ে একটি বৃত্তির তহবিল গঠন করার কথা জানান। মাটি নিয়ে নাড়াচাড়া করেও পুরস্কার পাওয়ায় আনন্দ প্রকাশ করে হাবিবুল্লাহ পাঠান বলেন, পুরস্কার পাওয়ায় দায়িত্ব বেড়ে যায়। তিনি প্রত্নতত্ত্ব গবেষণায় তাঁর অসমাপ্ত কাজগুলো করে যাওয়ার অঙ্গীকার করেন।
সংগঠনের সভাপতি নূহ-উল-আলম লেনিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।