'জ্ঞানের রাজ্যে' দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘদিন ধরে পটুয়াখালীর বাউফল উপজেলার বড় ডালিমা আযাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি জরাজীর্ণ। তাই শিক্ষার্থীদের ভবনের বারান্দায় দাঁড় করিয়ে পড়ান শিক্ষকেরা। ছবিটি গত শনিবার তোলা l প্রথম আলো
দীর্ঘদিন ধরে পটুয়াখালীর বাউফল উপজেলার বড় ডালিমা আযাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি জরাজীর্ণ। তাই শিক্ষার্থীদের ভবনের বারান্দায় দাঁড় করিয়ে পড়ান শিক্ষকেরা। ছবিটি গত শনিবার তোলা l প্রথম আলো

পটুয়াখালীর বাউফল উপজেলার বড় ডালিমা আযাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ হয়ে পড়ে আছে। তাই শিশু শিক্ষার্থীদের ভবনের বারান্দায় দাঁড় করিয়ে পড়ান শিক্ষকেরা।
বিদ্যালয় সূত্র জানায়, ১৯৬৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৫ সালে বিদ্যালয়টির তিন কক্ষবিশিষ্ট একমাত্র একতলা ভবনটি পুনর্নির্মাণ করা হয়। এরপর দীর্ঘদিনেও ভবনটি মেরামত করা হয়নি। তিন বছর ধরে সামান্য বৃষ্টি হলেই ভবনের ছাদ চুইয়ে পানি পড়ে। তিনটি কক্ষের মেঝেতেই পানি জমে যায়।
প্রধান শিক্ষক বীরেন চন্দ্র নট্র বলেন, ভবনটি মেরামতের জন্য এক বছর ধরে একাধিকবার বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েও কোনো কাজ হয়নি। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় একপর্যায়ে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসা বন্ধ করে দেয়। নিরুপায় হয়ে ভবনটির বারান্দায় শিক্ষার্থীদের পড়ানো হচ্ছে। গত শনিবার থেকে বিদ্যালয়ের মাঠে শিক্ষক, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও অভিভাবকদের অর্থায়নে একটি টিনশেডের ঘর উঠিয়ে কোনো রকমে পাঠদান চলছে।
শনিবার সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয় ভবনের ছাদ চুইয়ে শ্রেণিকক্ষে পানি পড়ছে। এ কারণে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ওই ভবনের বারান্দায় দাঁড় করিয়ে পড়াচ্ছেন দুজন শিক্ষক। ভবনটির সব কটি স্তম্ভ (পিলার), বিম ও দেয়াল থেকে পলেস্তারা খসে পড়ছে। ফাটল ধরেছে দেয়ালে। প্রতিটি কক্ষের মেঝে প্রায় এক ফুট দেবে গেছে। অধিকাংশ স্তম্ভের নিচের অংশের রড বের হয়ে আছে। ভবনের লোহার সব দরজা-জানালায় মরিচা ধরে অধিকাংশ নষ্ট হয়ে ভেঙে গেছে।
অপরদিকে বিদ্যালয়ের মাঠের এক পাশে খোলা (বেড়া ছাড়া) একটি টিনশেডের ঘরে মাটির ওপর বসে আছে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা। কোনো ব্ল্যাকবোর্ড ছাড়াই বই হাতে নিয়ে তাদের পড়াচ্ছিলেন দুজন শিক্ষক।
চতুর্থ শ্রেণির ছাত্র মেহেদী হাসান ও পঞ্চম শ্রেণির তৌহিদুল ইসলাম বলে, ছাদ চুইয়ে শ্রেণিকক্ষে পানি পড়ে। তাই বারান্দায় দাঁড়িয়ে ক্লাস করতে হয়। এতে তাদের পড়াশোনা বিঘ্নিত হয়।
বিদ্যালয়টির সহকারী শিক্ষক মো. শামীম হোসেন বলেন, ঝুঁকিপূর্ণ ভবনের কক্ষে ক্লাস করতে বিদ্যালয়ের ১৭৫ জন শিক্ষার্থীর মনে কাঁপন ধরে। ভয়ে তারা বিদ্যালয়ে আসতে চায় না। এ কারণে ভবনটির বারান্দায় ও টিনশেডের ঘর উঠিয়ে কোনো রকমে পাঠদান চলছে। শিগগিরই ভবন নির্মাণ করা না হলে পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হবে।
রাশেদা বেগম নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মা বলেন, ‘যেকোনো সময় দালানডা (ভবন) ভাইঙ্গা যাইতে পারে। হেইয়ার ডরে (ভয়ে) পোলাডায় (ছেলে) স্কুলে যাইতে চায় না। ওর বাহে (বাবায়) কইছে, সামনের বছর অন্য স্কুলে ভর্তি করবে।’
বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. শাহজাহান সিকদার বলেন, ভবনটি নির্মাণের সময় নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে। এ ছাড়া প্রায় ২০ বছরে ভবনটির আর কোনো মেরামত করা হয়নি। এ কারণে ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। প্রতিদিন শিক্ষকেরা ঝুঁকি নিয়ে বারান্দায় পাঠদান করছেন। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, তিনি সম্প্রতি যোগ দিয়েছেন। বড় ডালিমা আযাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন এবং শিগগিরই শিক্ষার্থীদের পাঠদান করানোর মতো প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।