‘জ্বইল্যা যাইতাছে, মইর্যা যাইতাছি রে’
‘ওরে আল্লারে, জ্বইল্যা যাইতাছে, মইর্যা যাইতাছি রে, একটা ব্যবস্থা করেন না...। ওরে আলো রে, আলো...।’ একবার হাসপাতালের লোকজনকে আবার নিজের মেয়ের নাম করে এভাবেই বিলাপ করছিলেন আমিনুর বেগম (২৫)। তাঁর শরীরের ৯০ শতাংশই ঝলসে গেছে। সারা গায়ে ব্যান্ডেজ। মুখে অক্সিজেনের মাস্ক। কিছুই তাঁর এই আর্তনাদ থামাতে পারছিল না। আমিনুরের বৃদ্ধ বাবা মোহাম্মদ ইসমাইল মেয়ের বিছানার পাশে দাঁড়িয়ে শুধু থরথর করে কাঁপছিলেন। গতকাল বুধবার বিকেলে দক্ষিণ যাত্রাবাড়ীতে জুতার সোল তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধদের আহাজারির এই চিত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) গিয়ে দেখা যায়। এখানে আরও চিকিৎসাধীন আছেন শিউলী (২৫), রিমু (৩০) ও বিশু (২২)।অগ্নিকাণ্ডে কারখানার নারীশ্রমিক শিউলীর শরীরের ৫১ শতাংশ পুড়ে গেছে। আইসিইউতে সারা গায়ে ব্যান্ডেজ ও মুখে মাস্ক নিয়ে তিনিও কাতরাচ্ছিলেন। বিছানার পাশে তাঁর মা মমতাজ বেগম তাকিয়ে ছিলেন যন্ত্রণাকাতর মেয়ের দিকে। থেকে থেকে শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছছিলেন তিনি। শিউলী চার মাস ধরে ওই কারখানায় কাজ করছেন। বেতন মাসে দুই হাজার টাকা। মাকে নিয়ে থাকতেন। সংসারের খরচ চালাতে হয় শিউলীকেই। ‘দুপুরে মেয়ে বাসায় ভাত খেয়ে কারখানায় কাজ করতে গেল। তারপর বিকেলে আগুনের খবর পেয়ে দক্ষিণ যাত্রাবাড়ীর বাসা থেকে কারখানায় ছুটে যাই।’ বলেই কান্নায় ভেঙে পড়েন মমতাজ বেগম। আমেনা বেগম কয়েকজন আত্মীয়ের সঙ্গে মেয়ে শারমিন আক্তারের (১৮) খোঁজে পুরো বার্ন ইউনিটে ছুটে বেড়াচ্ছিলেন। শারমিন ওই জুতার কারখানায় কাজ করতেন। অগ্নিকাণ্ডের পর তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমেনা বেগম বার্ন ইউনিটে আসা গণমাধ্যমকর্মীদের বারবার হতাহতের ব্যাপারে জিজ্ঞেস করছিলেন যদি কেউ তাঁর মেয়ের খোঁজ দিতে পারেন।আরেক নারীশ্রমিক রিমু অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হন আইসিইউতে। তাঁর শরীরের ৮৫ শতাংশ পুড়ে গেছে। অচেতন রিমুর কোনো স্বজনকে খুঁজে পাওয়া যায়নি। বার্ন ইউনিটে ভর্তি অগ্নিদগ্ধ শ্রমিক বিশুর অবস্থা অনেকটা শঙ্কামুক্ত। তাঁর শরীরের ৩৮ শতাংশ পুড়ে গেছে।আইসিইউতে কর্তব্যরত চিকিৎসক মৌমিতা তালুকদার বলেন, অগ্নিদগ্ধ তিন নারীশ্রমিকের অবস্থাই আশঙ্কাজনক। স্বজনের খোঁজে মর্গে: মিটফোর্ড হাসপাতালের মর্গে এখন হারানো স্বজনের খোঁজে ভিড় করছেন অনেকে। কিন্তু পুড়ে বিকৃত হয়ে যাওয়ায় সাতটি মৃতদেহের কোনোটিই শনাক্ত করা যাচ্ছে না। প্রিয় স্বজনকে চিনতে না পেরে কেউ কান্নায় ভেঙে পড়ছেন আর কেউ আশা নিয়ে সেখান থেকে ছুটছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা ঘটনাস্থলে।টঙ্গীতে কাজ করেন আমির হোসেন। তাঁর পুত্রবধূ শাহীনূর, কন্যা কোহিনূর আর পাশের বাসার সুমী কাজ করতেন ওই কারখানায়। তিনজনের কাউকেই খুঁজে না পেয়ে তিনি মর্গে আসেন। সেখানে লাশের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন।পুলিশ জানিয়েছে, লাশগুলো এমনভাবে পুড়ে গেছে যে, এগুলো পুরুষ না নারীর—তা-ই শনাক্ত করা যাচ্ছে না।