চট্টগ্রামের ডিসি হিলে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী লোকসংস্কৃতি উৎসব। ‘জ্বালাও আলো, আপন আলো’ স্লোগানে শুরু হওয়া এই উৎসবের আয়োজক সমাজ সমীক্ষা সংঘ।
সকালে ডিসি হিলে উৎসবের প্রথম পর্বে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এ আয়োজনের উদ্বোধন করেন শিল্পী মনসুর উল করিম।
বিকেলে দ্বিতীয় পর্বের শুরুতে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা। নগরের শহীদ মিনার থেকে শুরু হওয়া এ শোভাযাত্রা ডিসি হিলে এসে শেষ হয়। পরে মূল অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৈয়দ আজিজুল হক। সভাপতিত্ব করেন কাজী মাহমুদ ইমাম। বক্তব্য দেন সমাজ সমীক্ষা সংঘের নির্বাহী পরিচালক আহমেদ খসরু, উৎসব কমিটির চেয়ারম্যান আবু তাহের, উৎসব কমিটির আহ্বায়ক আবুল হাসনাত মো. বেলাল, সদস্যসচিব কল্লোল দাশ, আবদুল্লাহ আহসান।
উদ্বোধক সৈয়দ আজিজুল হক বলেন, ‘আমরা লোকসংস্কৃতিতে ঐক্যের সুর খুঁজে পাই। মানুষের আনন্দ-বেদনা, স্বপ্নসাধনা, প্রতিবাদী চেতনা, শিল্প-সাহিত্যকে হাজার বছর ধরে আঁকড়ে আছে আমাদের লোকসংস্কৃতি।’
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হককে সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য সংবর্ধনা দেওয়া হয়।
সাংস্কৃতিক পর্বে ছিল কীর্তনীয়া আঙ্গিকের গান। এ ছাড়া লোকনৃত্য পরিবেশন করে ওডিসি অ্যান্ড টেগর ডান্স মুভমেন্ট। এ ছাড়া রবীন্দ্রসংগীত, পল্লীগীতিসহ বিভিন্ন পরিবেশনা ছিল রাতে। উৎসব উপলক্ষে একটি শোভাযাত্রাও বের করা হয়।