‘জ্বালাও আলো আপন আলো’
‘জ্বালাও আলো আপন আলো’ শিরোনামে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ প্রথমবারের মতো চট্টগ্রামে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আয়োজন করে একক আবৃত্তি অনুষ্ঠান। চট্টগ্রাম শিল্পকলা একাডেমী মিলনায়তনে একঝাঁক প্রতিশ্রুতিশীল তরুণ আবৃত্তিশিল্পীকে নিয়ে এই আয়োজন করা হয়।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিষদের চট্টগ্রাম অঞ্চলের সাংগঠনিক সম্পাদক রাশেদ হাসান। তিনি বলেন, ঢাকার বাইরে চট্টগ্রাম অঞ্চলে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের প্রথম আবৃত্তি পরিবেশনা। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে চট্টগ্রাম থেকেই শুরু করা হচ্ছে এ ধরনের অনুষ্ঠান। পরিষদের আয়োজনে চলবে এর নিয়মিত পরিবেশনা।চট্টগ্রামের প্রমা আবৃত্তি সংগঠন, ত্রিতরঙ্গ আবৃত্তি দল, নির্মাণ আবৃত্তি অঙ্গন, সুচয়ন ললিতকলা কেন্দ্র, তারুণ্যের উচ্ছ্বাস—এই পাঁচটি আবৃত্তি সংগঠনের আট আবৃত্তিশিল্পী আবৃত্তি পরিবেশন করেন। শিল্পীদের মুখে উচ্চারিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’, কাজী নজরুলের ‘কবিরানী’, ভাস্কর চৌধুরীর ‘আমার বন্ধু নিরঞ্জন’, সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘চে গুয়েভারার প্রতি’, হুমায়ুন আজাদের ‘বিজ্ঞাপন: বাংলাদেশ ১৯৮৬’সহ দুই বাংলার কবিদের লেখা মোট ২৩টি কবিতা।