বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানি খাতের উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বড় বড় কিছু নীতিগত সিদ্ধান্ত এ বছরের মধ্যেই নেওয়া জরুরি।
প্রতিমন্ত্রী আরও বলেন, কয়লার মতো মূল্যবান জ্বালানি সম্পদ মাটির নিচে ফেলে রেখে লাভ নেই। এসব সম্পদ জাতীয় উন্নয়নে কখন কীভাবে ব্যবহার করা হবে, সে সিদ্ধান্ত এখনই নিয়ে কাজ শুরু করতে হবে। জ্বালানি সম্পদ ব্যবহারের অগ্রাধিকার নির্ধারণ, উন্নত ব্যবস্থাপনা ও সঠিক পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়নে সাহসী পদক্ষেপ নিতে হবে।
জাতীয় জ্বালানি দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। গতকাল শনিবার সকালে পেট্রোবাংলার মিলনায়তনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে এ বছর থেকে ‘জ্বালানি পদক’ প্রবর্তন করা হয়। জ্বালানি খাতের উন্নয়নে বিশেষ অবদানের জন্য এই পদক পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। সেমিনারে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক এম এ বাকিসহ কর্মকর্তারা এ পদক গ্রহণ করেন।
সেমিনারে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, জ্বালানি খাতের মধ্যমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ আছে। তা মোকাবিলা করে এগোতে হবে। পাশাপাশি জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে হবে। এখন সময় এসেছে আইন করে সবাইকে জ্বালানি সাশ্রয়ের বিষয়টি মানতে বাধ্য করার।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম বিদ্যুৎ ও জ্বালানিসাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, নিজস্ব জ্বালানি সম্পদ উন্নয়নের পাশাপাশি সাশ্রয় ও আমদানি—সবই জোরদার করতে হবে।
পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর গত পাঁচ বছরে জ্বালানি খাতে উন্নয়নের কিছু তথ্য উপস্থাপন করে বলেন, বিদ্যুৎ উৎপাদনে আগের তুলনায় এখন ৩৭ শতাংশ বেশি গ্যাস দেওয়া হচ্ছে। মোট এক হাজার ২০০ কিলোমিটারের মধ্যে গত পাঁচ বছরে সঞ্চালন লাইন করা হয়েছে ৭৪০ কিলোমিটার। গ্যাস উত্তোলন বাড়াতে এই সময়ে ২৯টি উত্তোলন কূপ, আটটি অনুসন্ধান কূপ ও ১৭টি কূপের সংস্কার (ওয়ার্কওভার) করা হয়েছে। দুই হাজার ৬৪৮ কিলোমিটার ত্রিমাত্রিক এবং পাঁচ হাজার লাইন কিলোমিটার দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ করা হয়েছে। তিনটি আধুনিক রিগ (খননযন্ত্র) ও অন্যান্য যন্ত্রপাতি কেনা হয়েছে। কয়লা ও কঠিন শিলার উৎপাদন বেড়েছে।
সেমিনারে বিদ্যুৎসচিব মনোয়ার ইসলাম, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এ আর খান, পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান ও ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের মহাপরিচালক সিরাজুর রহমান খান বক্তব্য দেন।
গ্যাস খাত সম্পর্কে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন পেট্রোবাংলার সচিব শফিকুর রহমান।