'জ্বালানি তেলের দাম সহসাই কমানো যুক্তিযুক্ত হবে না'
‘জ্বালানি তেলের দাম সহসাই কমানো যুক্তিযুক্ত হবে না’ বলে মন্তব্য করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম। গতকাল রোববার চট্টগ্রামের পতেঙ্গায় রাষ্ট্রীয় জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটের চলমান প্রকল্প পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় স্থায়ী কমিটির সদস্য এম এ লতিফ, বিপিসির চেয়ারম্যান মো. মাহমুদ রেজা খান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, এত দিন ভর্তুকি দিয়ে এই প্রতিষ্ঠান (বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন—বিপিসি) টিকিয়ে রাখা হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সৌভাগ্যবশত কমায় এখন সুযোগ এসেছে। পুঞ্জীভূত লোকসান কাটিয়ে উঠছে বিপিসি।
তাজুল ইসলাম বলেন, আগামী বছরের শুরুতে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় শোধনাগার নির্মাণকাজ শুরু হবে। এখন পরামর্শক প্রতিষ্ঠান কারিগরি বিষয়গুলো যাচাই-বাছাই করছে। ২০১৯ সালের জুন নাগাদ দ্বিতীয় শোধনাগারের নির্মাণকাজ শেষ হবে। এই প্রকল্পে ব্যয় হবে ১৫ হাজার কোটি টাকা। বর্তমান ইউনিটের তেল শোধনের ক্ষমতা বার্ষিক ১৫ লাখ মেট্রিক টন। দ্বিতীয় ইউনিটের কাজ শেষ হলে বছরে আরও ৩০ লাখ টন জ্বালানি তেল শোধন করা সম্ভব হবে।