'জ্বালো মোমের আলো'
নারীমুক্তি ও নারীশিক্ষার পথিকৃৎ বেগম রোকেয়ার ১৩৪তম জন্মদিনটি ব্যতিক্রমভাবে উদ্যাপন করলেন সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রীরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা পৌনে ছয়টায় প্রায় দেড় শতাধিক ছাত্রী কলেজ মিলনায়তনে ‘জ্বালো মোমের আলো’ শীর্ষক কর্মসূচি পালন করেছে। এ প্রতিষ্ঠান ছাড়া সিলেটের আরও নয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুরূপ কর্মসূচি পালিত হয়।
ছাত্রীরা অশিক্ষার বিরুদ্ধে এবং নারীমুক্তি বিকশিত করার লক্ষ্যে একটি করে মোমবাতি প্রজ্বালন করে। ‘গৌরবের প্রান্তর’ আয়োজিত কর্মসূচিতে শুরুতেই আয়োজকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন অঙ্গীকার বাংলাদেশের পরিচালকমণ্ডলীর সদস্য আইনজীবী মইনুদ্দিন আহমদ জালাল। আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন সিলেট সরকারি মহিলা কলেজের সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মো. জামালুর রহমান ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক অনুপা ওয়ালেদা।
আরও বক্তৃতা করেন কলেজের প্রাক্তন ছাত্রী আরিফা সুলতানা, রাষ্ট্রবিজ্ঞান (স্নাতক) তৃতীয় বর্ষের ছাত্রী সুমাইয়া বিনতে আল রাজী প্রমুখ।