'জয় বাংলা কনসার্ট' হবে ৭ মার্চ
আবারও ফিরে এল তারুণ্যের জয়গানে মুখর ‘জয় বাংলা কনসার্ট’। গত দুই বছরের মতো এবারও ৭ মার্চ রাজধানীর আর্মি স্টেডিয়াম মেতে উঠবে তারুণ্যের জয়গানে।
সেন্টার ফর রিসার্চের (সিআরআই) অঙ্গপ্রতিষ্ঠান দেশের সবচেয়ে বড় ইয়ুথ প্ল্যাটফর্ম ‘ইয়ং বাংলা’র আয়োজনে এবারও ৬০ হাজারের বেশি তরুণ-তরুণী মাতবে জয় বাংলা কনসার্টে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনটিকে স্মরণ করে দুই বছর ধরে এই কনসার্টের আয়োজন করে আসছে ইয়ং বাংলা। কনসার্টের টিকিট এবারও ফ্রি পাওয়া যাবে।
সিআরআই জানিয়েছে, বরাবরের মতোই এবারের কনসার্ট মাতাতে মঞ্চে থাকছে দেশের বিখ্যাত ব্যান্ড ওয়ারফেজ, চিরকুট, আর্বোভাইরাস, লালন, ক্রিপটিক ফেট, নেমেসিস, শিরোনামহীন ও শূন্য।
বাংলাদেশের ঐতিহাসিক এই দিনটি হাজার হাজার তরুণ এ বছরও উদ্যাপন করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
কনসার্টের পাশাপাশি ইয়ং বাংলা দেশের তরুণসমাজকে সংগঠিত করতে আরও বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এর মধ্যে একটি উল্লেখযোগ্য উদ্যোগ হলো ‘জয় বাংলা ইয়ুথ পুরস্কার’।
২০১৫ সাল থেকে ইয়ং বাংলার সঙ্গে সম্পৃক্ত তরুণদের দেশের প্রতি আত্মত্যাগের নিরিখে প্রদান করা হচ্ছে এই পুরস্কার। এখন পর্যন্ত ৩০ জন এই পুরস্কার গ্রহণ করেছেন। সেই সঙ্গে এই পুরস্কারের জন্য দেড় হাজার আবেদনের মধ্য থেকে ১৭০ জনকে বিশেষ অবদান রাখার জন্য প্রদান করা হয়েছে সনদ।
এ বছর দ্বিতীয়বারের মতো এই পুরস্কার প্রদান করতে যাচ্ছে ইয়ং বাংলা। শিগগিরই ইয়ং বাংলার সদস্যদের কাছ থেকে এ বিষয়ে আবেদন সংগ্রহ করা শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ভিশন ২০২১ ইন্টার্নশিপ স্কিমের অধীনে প্রথমবারের মতো ইয়ং বাংলা সুযোগ করে দিয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে ইন্টার্নশিপ করার। ২০১৬ সালে এই স্কিম চালুর পর থেকে এখন পর্যন্ত ৫ হাজার জন তরুণ-তরুণীকে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে ইন্টার্নশিপের মাধ্যমে সরকারি কাজ সম্পর্কে ধারণা প্রদান করতে সক্ষম হয়েছে ইয়ং বাংলা। বর্তমানে সরকারি মন্ত্রণালয় ছাড়াও মাইক্রোসফটের মতো প্রাইভেট প্রতিষ্ঠানেও ইন্টার্ন হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন ৩৫০ শিক্ষার্থী।
ইয়ং বাংলা এই সব কার্যক্রমের পাশাপাশি ২ লাখ শিক্ষার্থীকে আইটি ক্ষেত্রে দক্ষ করে গড়ে তোলার জন্য কাজ করছে। সরকারের আইসিটি বিভাগকে সঙ্গে নিয়ে দেশব্যাপী ২ লাখ ১০ হাজার স্কুল-কলেজের শিক্ষার্থীকে আইটি ক্ষেত্রে দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলার কাজ চলছে।