'জয় বাংলাই আমার হৃদয়'

শিল্পী শাহাবুদ্দিন আহমেদ ফরাসি সরকারের কাছ থেকে নাইট উপাধি পেয়েছেন সম্প্রতি। বাংলাদেশি শিল্পী হিসেবে তাঁর এই অনন্য প্রাপ্তিতে আজ রোববার তাঁকে সংবর্ধনা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। সেখানে মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে তিনি বললেন, ‘জয় বাংলাই আমার হৃদয়।’
দুপুরে চারুকলা অনুষদের বকুলতলায় সংবর্ধনার এই আয়োজনে শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক তপন সরকার গাইলেন ‘আনন্দলোকে মঙ্গলালোকে’। একই বিভাগের আরেক শিক্ষক দেব প্রসাদ গাইলেন- ‘সবার হৃদয়ে রবীন্দ্রনাথ/চেতনাতে নজরুল’। শিল্পীকে স্নেহাশীষ জানিয়ে বক্তব্য রাখেন তাঁর শিক্ষক শিল্পী সমরজিৎ রায় চৌধুরী ও রফিকুন নবী। বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। মানপত্র পাঠ করেন শিল্প-সমালোচক মঈনুদ্দীন খালেদ। অভিজ্ঞানপত্র পাঠ করেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। এ ছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন শিল্পী পত্নী আনা ইসলাম।
নিজের প্রাপ্তি সম্পর্কে শিল্পী শাহাবুদ্দিন বলেন, আমি জানতাম, আজ হোক, কাল হোক, ওরা (ফরাসি সরকার) আমাকে এটা (নাইট খেতাব) দেবে। এটা আমার আত্মবিশ্বাস ছিল।
চারুকলার জীবন নিয়ে বলেন, ‘আমার জীবনের সোনালি পাঁচ বছর কাটিয়েছি চারুকলা প্রাঙ্গণে। তখন ছাত্র-শিক্ষক সবাই একটি পরিবারের মতো ছিলেন। আজ ৪৫ বছর পরে সেই চারুকলাতেই শিক্ষকদের হাত থেকে শুভেচ্ছা নিচ্ছি। এটা আমার জন্য বিশাল ব্যাপার। আজ আমার হৃদয় আরও বড় হয়ে গেছে, বুকটা ভরে গেছে।’
চারুকলার শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের পর সিদ্ধান্ত হলো তৎকালীন আর্ট কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা ছাড়াই প্রমোশন দেওয়া হবে। একটি সভায় যখন এ সিদ্ধান্ত নেওয়ার কথা, তখন আমিই একমাত্র বিরোধিতা করলাম। কারণ, এতে করে ফাঁকিবাজি হয়ে যায়। ফাঁকিবাজি দিয়ে আর যাই হোক শিল্পচর্চা হয় না। তিনি বলেন, ‘বিশ্বের বুকে এখনো বাংলাদেশকে যে দুইটি বিষয়ের জন্য সবাই চেনে, তা হলো-আমাদের তৈরি পোশাক ও চিত্রশিল্প। অনেকেই মনে করেন, রংতুলি দিয়ে যাঁরা ছবি আঁকেন, তাঁরা খুব দুর্বল মানুষ। আমি মুক্তিযুদ্ধ করে সেই দুর্বলতাকে ভেঙে দিয়েছি।’
মুক্তিযুদ্ধের প্রেরণাদীপ্ত স্লোগান ‘জয় বাংলা’-কে নিজের পাথেয় উল্লেখ করে শিল্পী শাহাবুদ্দিন বলেন, ‘যুদ্ধে আমার মূল অস্ত্র ছিল জয় বাংলা। জয় বাংলাই আমার হৃদয়। এই জয় বাংলা থেকে আজকে অনেকেই সরে গেছেন। পাকিস্তানকে সমর্থন করছেন। তাঁদের ধ্বংস অনিবার্য। কিন্তু আমি একটি কথা বলতে পারি, চিত্রশিল্পীদের মধ্যে ৯৯ শতাংশই জয় বাংলার পক্ষে। যারা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চায়, তারা কখনো সফল হবে না।’
অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, ‘শিল্পী শাহাবুদ্দিন মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, দেশ, বন্ধুদের ভালোবাসেন। এ ভালোবাসাই আজ তাঁকে এ পর্যায়ে নিয়ে এসেছে। সব সময় তিনি নিজের কথায় এ বিষয়গুলোকেই তুলে ধরেন।’
সমরজিৎ রায় চৌধুরী বলেন, ‘ছাত্রাবস্থা থেকেই শাহাবুদ্দিন একজন কৃতী মানুষ। আর সে জন্যই আজ সে একটি উজ্জ্বল নক্ষত্র হয়ে দাঁড়িয়েছে। আমি ওর শিক্ষক হয়েও ওকে শ্রদ্ধা ও সম্মান করি এবং আরও উজ্জ্বল ভবিষ্যতের কামনা করি।’
রফিকুন নবী বলেন, ‘শাহাবুদ্দিন এখনো নিরলসভাবে কাজ করছে। এ কাজ শুধু অর্জনের জন্য নয়, শিল্পকলার ভুবনকে আলোকিত করতে। আমি গর্বিত, ও আমার ছাত্র। চারুকলার শিক্ষার্থীরা শাহাবুদ্দিনের কাছ থেকে অনুপ্রাণিত হবে বলে আমি আশা করি।’
সংবর্ধনা অনুষ্ঠানে শিল্পী শাহাবুদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানায় চারুকলা অনুষদের আটটি বিভাগ, বাংলা একাডেমি, জাতীয় জাদুঘর, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ছাত্রলীগ, কসমস গ্যালারিসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন।